২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল এখনও ভয়ঙ্কর: দেশম

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বেশ সাবধানী ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। দেশের মাটিতে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে উড়ে গেলেও ব্রাজিল এখনও ভয় পাওয়ার মতো দলই আছে বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2015, 01:09 PM

Updated : 25 Apr 2022, 01:10 PM

বৃহস্পতিবার স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে স্বাগতিক ফ্রান্সের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

গত বছর দেশের মাটিতে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল সেমি-ফাইনাল থেকেই ছিটকে পড়ে। জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল লুইস ফেলিপে স্কলারির ব্রাজিল। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও হারে তারা।

বিশ্বকাপের পর স্কলারির বদলে ব্রাজিলের দায়িত্ব নেন দুঙ্গা। দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর অদম্য গতিতে এগিয়ে চলেছেন তিনি। বিশ্বকাপের পর খেলা ৬টি প্রীতি ম্যাচেই জয় পায় ব্রাজিল। এই ছয় ম্যাচে ১৪টি গোল করে তারা, আর গোল খেয়েছে মাত্র একটি।

সব মিলিয়ে তাই এই ম্যাচে ব্রাজিলকে এগিয়ে রাখছেন দেশম।

“তারপর (বিশ্বকাপের সেই হারের পর) থেকে তারা কি করছে, আমি দেখেছি এবং অনেক অনেক ভালো বিষয় দেখেছি।”

ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমাও কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন।

“বিশ্বকাপের পর ব্রাজিল সামলে উঠেছে। তারা সহজেই গোল পাচ্ছে এবং খুব বেশি গোল হজম করেনি। যাই হোক না কেন, তারা দারুণ একটা দল।”

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জার্মানির কাছে হারার পর ফ্রান্সও কোনো ম্যাচ হারেনি।

পুরনো খবর:

সেই মাঠে ফ্রান্সের মুখোমুখি দুঙ্গার ব্রাজিল