সেই মাঠে ফ্রান্সের মুখোমুখি দুঙ্গার ব্রাজিল
ঘরের মাঠে বিশ্বকাপ স্বপ্ন বড় ধাক্কা খেলেও তারপর থেকে দারুণ খেলছে ব্রাজিল। নতুন কোচ দুঙ্গার অধীনে জয়ের পথেই আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবার কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে দলটি; ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে খেলবে নেইমাররা।
প্যারিসে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে দল দুটি। ফুটবল রেকর্ডের পাতায় মর্যাদার দিক থেকে লেখা থাকবে ব্রাজিল-ফ্রান্সের এই লড়াই একটি প্রীতি ম্যাচ। কিন্তু স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে খেলতে নেমে একবারও কি ব্রাজিল দলে প্রতিশোধ শব্দটি প্রতিধ্বনিত হবে না!
১৭ বছর আগে এই মাঠেই ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে ফরাসিরা তাদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতেছিল। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালের সেই পরাজয়ের ব্যাখ্যা আজও খুঁজে পাচ্ছে না ব্রাজিল, ভুলতে পারার তো প্রশ্নই ওঠে না।
ফ্রান্সের মাটিতে ওই হারের পর আরও পাঁচবার দেশটির বিপক্ষে মাঠে নেমেছে ফুটবলের সফলতম দল ব্রাজিল, যার মধ্যে সমান দুবার করে জিতেছে দুটি দলই, অন্যটি হয়েছে ড্র। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালেও ফ্রান্সের কাছে হেরেছিল ব্রাজিল।
ব্রাজিল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হলেও তাদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ফ্রান্স খুব একটা পিছিয়ে নেই। এ পর্যন্ত মোট ১৫ বারের দেখায় ব্রাজিলের ৬ জয়ের বিপরীতে ফ্রান্সের জয় ৫টি। বাকি চারটি ম্যাচ হয়েছে ড্র।
সবশেষ মুখোমুখি লড়াইয়ের ফল থেকে অবশ্য আত্মবিশ্বাস পেতে পারে ব্রাজিল। ২০১৩ সালে দেশের মাটিতে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা।
১৯৯৮ সালের সেই ম্যাচে দুই দলের অধিনায়ক ছিলেন দুঙ্গা ও দেশম। বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধ প্রীতি ম্যাচ জিতে হতে পারে না জেনেও দুঙ্গা হয়ত পুরানো ক্ষতে প্রলেপ দেওয়ার 'ছোট' একটা উপলক্ষ খুঁজবেন। আর দেশম খুঁজবেন আরেকবার ব্রাজিলকে হারিয়ে দেওয়ার প্রেরণা।
এবার দুঙ্গার দলের বিপক্ষে সফল হতে হয়তো বড় পরিকল্পনা সাজাতে হবে দেশমকে। দ্বিতীয় মেয়াদে দেশের কোচ হিসেবে যোগ দেওয়া দুঙ্গার অধীনে ৬ ম্যাচের সবকটিতে জিতেছে ব্রাজিল।
সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার একটু খারাপ সময় কাটালেও জাতীয় দলের হয়ে তিনি বরাবরই সফল। দেশের হয়ে শেষ ৬ ম্যাচ ৭ গোল করেন বার্সেলোনার এই তারকা। এর মধ্যে জাপানের বিপক্ষে এক ম্যাচেই করেন ৪ গোল।
ব্রাজিল বিশ্বকাপের আগে ফরাসি কোচ দেশম বলেছিলেন, ২০১৬ সালের ইউরোর জন্য তার দলকে গড়ে তুলছেন তিনি। সে লক্ষ্যে তার দল কতটা এগোলো, এই ম্যাচ দিয়ে সে পরীক্ষাটাও হয়ে যাবে।
