রিয়ালেই থাকছেন আনচেলত্তি: পেরেস
টানা তিন ম্যাচে রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ার পর কোচ কার্লো আনচেলত্তির টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল স্পেনের গণমাধ্যম। তবে সেসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।
রিয়ালে অনেকে সুখে নেই বলেও গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়। এসব খবরকে ভিত্তিহীন গল্প বলে উড়িয়ে দিয়েছেন পেরেস। এমনকি তিনি স্পেনের ক্রীড়া পত্রিকা এএস-এর বিরুদ্ধে তার সম্পর্কে 'মিথ্যা বলার' জন্যে অভিযোগ করেন।
আরেকটি স্প্যানিশ পত্রিকা মার্কা তো রিয়ালে আনচেলত্তির মেয়াদ শেষের সম্ভাব্য তারিখও ঘোষণা করে দেয়। গত বৃহস্পতিবার পত্রিকাটি তাদের প্রতিবেদনে জানায়, আগামী ২২ মার্চ বার্সেলোনার বিপক্ষে 'ক্লাসিকো' ম্যাচে হারলে সান্তিয়াগো বের্নাবেউয়ে আনচেলত্তির দিন শেষ হয়ে যেতে পারে।
কোচ ও খেলোয়াড়দের নিয়ে এমন ভিত্তিহীন কথা বা গল্প ছড়ানো ঠিক নয় বলে মনে করেন পেরেস।
এক বিশেষ সংবাদ সম্মেলনে পেরেস বলেন, "কোচ ও খেলোয়াড়দের উপর ক্লাবের আস্থা আছে। আসছে দিনগুলোতে যাই হোক না কেন, আনচেলত্তিই রিয়াল মাদ্রিদের কোচ থাকবেন।"
২০১৫ সালের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া রিয়ালের সম্প্রতি যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। লিগে ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করার পরের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের কাছে হেরে বসে রোনালদো-বেলরা। টানা ব্যর্থতায় লিগের শীর্ষস্থানও হারিয়েছে তারা।
সবশেষ গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেরা ষোলোর ফিরতি লেগে শালকের কাছে ৪-৩ গোলে হারে রিয়াল। তবে দুই লেগ মিলে জিতে প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
