২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-সুয়ারেসে রিয়ালকে ছাড়াল বার্সা

লিওনেল মেসির হ্যাটট্রিক আর লুইস সুয়ারেসের জোড়া গোলে দারুণ এক জয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা। নিজেদের মাঠে রায়ো ভায়েকানোকে নিয়ে খেলা করে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 06:57 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

পুরনো খবর:

মেসির দিনে সুয়ারেসেরও প্রশংসা
রোনালদোকে ধরেই ফেললেন মেসি
রোনালদোকে ছাড়িয়ে হ্যাটট্রিকের রেকর্ড একা মেসির

২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হলো ৬২। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।  

জিতলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের সরিয়ে লিগের শীর্ষে ওঠার হাতছানি নিয়ে রোববার কাম্প নউতে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে মনোযোগী হয়ে ওঠে বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না আক্রমণভাগের অন্যতম তারকা নেইমার; তাতে অবশ্য কোনো সমস্যাই হয়নি কাতালুনিয়া দলটির।  

সব ধরণের প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচে ৪ গোল করা লুইস সুয়ারেসের নৈপুণ্যে শুরুতেই এগিয়েই যায় স্পেনের অন্যতম সফল দলটি। পঞ্চম মিনিটে দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে চাভি এরনান্দেসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা এগিয়ে গিয়ে ডান পায়ের শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের স্ট্রাইকার। এই নিয়ে টানা চার ম্যাচে গোল করলেন সুয়ারেস।

২১তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার চাভির আরেকটি দারুণ পাসে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন পেদ্রো, কিন্তু তার দুর্বল শট ঠেকিয়ে দেন ভায়েকানো গোলরক্ষক। দুই মিনিট পর ডি বক্সের বাইরে থেকে আন্দ্রেস ইনিয়েস্তার আরেকটি দুর্দান্ত শট রক্ষণে বাধা পেলে ফের হতাশ হতে হয় স্বাগতিক সমর্থকদের।

পাল্টা আক্রমণে ২৬তম মিনিটে সমতায় ফেরার ভালো একটা সুযোগ পায় অতিথিরা, কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনসুয়ার শট রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক। ৩০তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে ভায়েকানো।

৩২তম মিনিটে ম্যাচে প্রথম সুযোগ পান লিওনেল মেসি। সুয়ারেসের বাড়ানো বল ধরে শটও নিয়েছিলেন তিনি, কিন্তু সেটা একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ডি বক্সের ডান দিক থেকে দানি আলভেসের হেড পোস্টে লাগলে বল পেয়ে যান জেরার্দ পিকে, তা থেকে সহজেই গোলটি করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় ভায়েকানো। ডি বক্সের মধ্যে সুয়ারেসকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিতো। আর পেনাল্টি পায় বার্সেলোনা, তা থেকেই প্রথম গোলটি করেন মেসি।

স্পটকিকে নেয়া মেসির প্রথম শটটা অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন ভায়েকানো গোলরক্ষক। কিন্তু শট নেয়ার আগেই খেলোয়াড়রা ডি বক্সে ঢুকে পড়ায় সেটা বাতিল হয়ে যায়। ফলে আবারও শট নেয়ার সুযোগ পান আর্জেন্টিনা অধিনায়ক; তাতে আর ব্যর্থ হননি তিনি। 

এরপর ৫ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। দ্বিতীয় গোলে অবশ্য মূল ভুমিকা ছিল সুয়ারেসের। বাঁ-দিকে এক জনকে কাটিয়ে তার নেয়া কোনাকুনি শটটা ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক। কিন্তু বল মেসির পায়ে এসে পড়ে, তা থেকে বিনা বাধায় লক্ষ্যভেদ করেন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা।

প্রথমটি পেনাল্টি থেকে, দ্বিতীয় গোলটি কিছুটা সৌভাগ্যের; কিন্তু হ্যাটট্রিক পূরণের গোলটিতে দেখা মেলে সত্যিকারের মেসি জাদুর। ডি বক্সে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে এগিয়ে আসা গোলরক্ষককেও কাটান টানা চারবারের বর্ষসেরা তারকা।

এই তিন গোলে রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এককভাবে লা লিগার ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন মেসি। সেই সঙ্গে ৩০ গোল নিয়ে এবারের আসরের গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছুঁলেন মেসি।      

৮০তম মিনিটে অতিথি স্ট্রাইকার আলবের্তো বুয়েনোকে ফাউল করায় লাল কার্ড দেখেন বার্সেলোনার দানি আলভেস। পেনাল্টি পায় ভায়েকানো, তা থেকে বুয়েনো নিজেই সান্ত্বনাসূচক গোলটি করেন।

আর যোগ করা সময়ে মেসির বাড়ানো বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সুয়ারেস। এই মৌসুমেই লিভারপুল থেকে আসা সুয়ারেসের লিগে এটা ষষ্ঠ গোল।