২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো-বেলদের নিয়ে চিন্তিত আনচেলত্তি

প্রতিপক্ষের গোলমুখে বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগের জ্বলে উঠতে না পারার সঠিক কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 02:18 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

পুরনো খবর:

এবার হেরেই গেল রিয়াল মাদ্রিদ
বার্সার শীর্ষে ওঠার সুযোগ

বিশ্বের সবচেয়ে দামি দুই খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, আর ফরাসি স্ট্রাইকার বেনজেমার সাফল্যও কদিন আগে ছিল চোখে পড়ার মতো। গত বছরে এই তিন ফরোয়ার্ডের চোখ ধাঁধানো খেলাতেই টানা ২২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল রিয়াল। কিন্তু ২০১৫ সালের শুরু থেকেই যেন পথ হারায় দলটি।

ইতোমধ্যে কোপা দেল রে থেকে ছিটকে পড়েছে রিয়াল। আর এবার আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে যাওয়ায় লা লিগার শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে তারা।

২৬ ম্যাচে আনচেলত্তির দলের পয়েন্ট ৬১। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৫৯। রোববার রায়ে ভায়েকানোকে হারালেই শীর্ষে উঠে যাবে কাতালুনিয়া দলটি।

দলের এমন অবস্থায় আক্রমণভাগ নিয়েই চিন্তিত কোচ আনচেলত্তি।

শনিবার ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, "আথলেতিক রক্ষণে দৃঢ় ছিল এবং গোল করেছিল। আমাদের সমস্যা রক্ষণে নয়, আক্রমণে। দুই ম্যাচে আমরা একটা গোল করেছি আর সেটা পেনাল্টি ছিল। আর এই সমস্যাই আমাদের ঠিক করতে হবে।"

আথলেতিকের মাঠে প্রথমার্ধে তো কোনো সুযোগই তৈরি করতে পারেনি রোনালদো-বেলরা। উল্টো ২৬তম মিনিটে আদুরিসের হেড থেকে করা গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্বাগতিকদের রক্ষণে চিড় ধরাতে পারেনি রিয়ালের 'বিবিসি' আক্রমণত্রয়ী।   

এই ব্যর্থতা প্রসঙ্গে আনচেলত্তি বলেন, "এটা মনোভাবের সমস্যা নয়, আমরা আক্রমণে খারাপ খেলেছি।"

সমস্যার সমাধান না পাওয়ায় হতাশার কথাও বলেন রিয়ালের ইতালিয়ান এই কোচ। তবে কোনো এক জনকে দোষ দিচ্ছেন না তিনি।

"এটা কোনো ব্যক্তিগত সমস্যা নয়। আমরা ভালো খেলিনি, কিন্তু ভুলটা শুধু (আক্রমণভাগের) তিন জনের নয়। আক্রমণে ভেঙে পড়ার জন্যে এবং নিজেদের কাজটা ঠিকমতো না করায় সবাই দায়ী।"