২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার শীর্ষে ওঠার সুযোগ

রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে এবার লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ। সে লক্ষ্যে রায়ো ভায়েকানোকে হারাতে হবে লুইস এনরিকের দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 01:20 AM

Updated : 25 Apr 2022, 01:06 PM

নিজেদের মাঠ কাম্প নউয়ে রোববার বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলবে বার্সেলোনা।  
 
শনিবার রাতে আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হারে রিয়াল। 
 
নতুন বছরে বার্সেলোনা একবারই মাত্র হোঁচট খেয়েছে, সেটাও আবার নিজেদের মাঠে। ওই হারের পর এই প্রথম তারা কাম্প নউয়ে খেলতে নামছে। তাই লিওনেল মেসিদের সামনে এবার চেনা পরিবেশে ভক্ত-সমর্থকদের ফের জয়োল্লাসে মাতানোর লক্ষ্য। সঙ্গে শীর্ষে ওটার হাতছানি তো থাকছেই।    
 
২৬ ম্যাচ ৬১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৫৯।
 
গত মাসে মালাগার কাছে একমাত্র গোলে হেরেছিল বার্সেলোনা। তারপর অবশ্য সব ধরণের প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচ জিতেছে দলটি। গত সপ্তাহে কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৬-২ ব্যবধানে পিছনে ফেলে ফাইনালে ওঠে লুইস এনরিকের দল।           
   
বার্সেলোনার আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া যোগ করতে পারে দলটির আক্রমণভাগের দুর্দান্ত ফর্ম। গত তিন ম্যাচে মেসি, নেইমার ও সুয়ারেস ফের একসঙ্গে জ্বলে ওঠার প্রমাণ রেখেছেন। প্রথম দুইজন তো মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন, সঙ্গে এবার যোগ হয়েছে প্রতিপক্ষের গোলমুখে লুইস সুয়ারেসের ধারাবাহিক সাফল্য। 
 
তাই এই তিন তারকার সাফল্যে ঘরের মাঠে আবারও জয়ের পথে ফেরার স্বপ্ন দেখতেই পারে কাতালুনিয়া সমর্থকেরা।