২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হেরেই গেল রিয়াল মাদ্রিদ

এবার হেরেই গেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মাঠ থেকে একমাত্র গোলের হার নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 01:02 AM

Updated : 12 Oct 2022, 03:23 PM

গত রোববার ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল।
 
গত সপ্তাহে ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর রিয়াল কোচ ঘুরে দাঁড়ানোর আশার কথা বলেছিলেন। কিন্তু আনচেলত্তির বিশ্বাসের মূল্য দিতে পারলেন না তার শিষ্যরা।  
 
আথলেতিকের মাঠে ম্যাচের প্রথমার্ধে তো একরকম খুঁজেই পাওয়া যায়নি রোনালদো-বেলদের। আর তাদের ছন্দ ফিরে পাওয়ার আগেই ২৬তম মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আদুরিস। স্বদেশী মিডফিল্ডার মিকেল রিকোর ক্রসে অনেকখানি লাফিয়ে উঠে বল জালে পাঠান এই স্প্যানিশ স্ট্রাইকার। 
 
পিছিয়ে পড়ে আক্রমণে কিছুটা মনোযোগী হয় রিয়াল। কিন্তু বিরতির আগে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটির অন্যতম বিশ্বসেরা আক্রমণভাগ। উল্টো ওই সময়ে কিছুটা মারমুখীও হয়ে ওঠে অতিথিরা। আথলেতিকের খেলোয়াড়েরাও কম যায়নি। ফলে ১১ মিনিটের মধ্যে দুই দলের দুই জন করে হলুদ কার্ড দেখে। 
 

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বল দখলে রেখে আক্রমণে উঠতে থাকে রিয়াল। এ পর্বে প্রথম ২০ মিনিটে সমতায় ফেরার দুবার সুযোগও পেয়েও ব্যর্থ হয় দলটি। ৭২তম মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি পায় রিয়াল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো।  ৭৬তম মিনিটে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যেতে পারতো আথলেতিক। কিন্তু আদুরিসের হেড পোস্টে লাগলে বেঁচে যায় রিয়াল।  ৮২তম মিনিটে ফের সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল, কিন্তু অনেক দূর থেকে গ্যারেথ বেলের শট বারে লাগলে হতাশাই সঙ্গী হয় তাদের।  এই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে রিয়াল মাদ্রিদ, ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬১।  রোববার রাতেই তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবে বার্সেলোনা; এক ম্যাচ কম খেলা কাতালুনিয়া দলটির পয়েন্ট ৫৯।