জন্মদিনের পোশাকে রোনালদো
জন্মদিনে নিজের সিআর৭ ব্র্যান্ডের নতুন অন্তর্বাস পরা ছবি অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
বৃহস্পতিবার ৩০তম জন্মদিন পালন করলেন রিয়ালের এই তারকা ফরোয়ার্ড। বসন্ত ও গ্রীষ্মের মৌসুমের জন্য অন্তর্বাসটি তৈরি করেছে রোনালদোর সিআর৭ অন্তর্বাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে অন্তর্বাস পরা এই ছবি দেন রোনালদো। ২০১৩ সালে নিজের ব্র্যান্ড চালু করার পর এটা তৃতীয় নকশার অন্তর্বাস।
জন্মদিনে ফুটবলের ব্যস্ততাও ছিল না রোনালদোর। গত মাসের শেষ সপ্তাহে করদোবার ডিফেন্ডার এদিমারকে লাথি মারায় ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হন পর্তুগিজ এই খেলোয়াড়।
এ কারণে জন্মদিনের আগের দিন সেভিয়ার বিপক্ষে লিগের ম্যাচটা বাইরে বসেই কাটান রোনালদো। ম্যাচটা ২-১ গোলে জিতে লিগের শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল।
২১ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্ট ৪৭।
