দুই কোচের মুখেই বাংলাদেশের প্রশংসা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেন ও মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ম্যাচ শেষে দুই দলের কোচ লোডভিক ডি ক্রুইফ ও নিকোলা কাভাজোভিচের প্রশংসা পেয়েছেন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে মালয়েশিয়া ও বাংলাদেশ শেষ চারের টিকেট পেয়েছে আর বিদায় নিয়েছে শ্রীলঙ্কা দল।
তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা কোচ নিকোলা প্রতিপক্ষ দলের দুই ফরোয়ার্ডের প্রশংসা করন।
“এমিলি আমাদেরকে অনেক সমস্যা করেছে। তার কারণে আমাদের ডিফেন্ডারদের বেশি তটস্থ থাকতে হয়েছে। ভালো খেলেছে জাহিদও।”
৪১তম মিনিটে সোহেল রানা ও এমিলির সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করেন হেমন্ত। মাঝ মাঠ থেকে সোহেলের বাড়ানো লম্বা ক্রস এমিলি বুক দিয়ে নামিয়ে হেমন্তকে দেন। ডি-বক্সের বাইরে থেকে শেখ রাসেলের এই মিডফিল্ডার গতিময় শটে প্রতিপক্ষ গোলরক্ষকে পরাস্ত করেন।
দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন হেমন্ত। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেয়া গোল করে ক্রুইফের কাছ থেকে বাড়তি প্রশংসাই পেলেন এই উঠতি মিডফিল্ডার।
“ওর বয়স মাত্র আঠারো বছর কিন্তু ও একেবারে পরিণত ফুটবলারদের মতো খেলে। বাংলাদেশের জন্য হেমন্ত দারুণ সম্ভাবনাময় এবং প্রতিশ্রুতিশীল ফুটবলার।”
সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শিষ্যরা সে আশঙ্কা সত্যি হতে না দেয়ায় খুশি স্বাগতিক কোচ।
“ছেলেরা এ ম্যাচ জয়ের জন্য আগ্রহী ও দৃঢ় প্রত্যয়ী ছিল। খেলা দেখে মনে হয়েছে, মাঠে একটা দলই খেলছে এবং সেটা বাংলাদেশ। যেভাবে আজ ছেলেরা খেলেছে, তাতে আমি ভীষণ খুশি।”
গোলরক্ষক সহিদুল ইসলাম সোহেলের ভুলে পেনাল্টি পায় শ্রীলঙ্কা। তবে এ এন রোশানে পেনাল্টি শট রুখে দেয়ার পর শ্রীলঙ্কার এই মিডফিল্ডারের ফিরতি হেডও ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।
ক্রুইফ সে সময়কার অনুভূতি জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে বলেন, “প্রথম আমি খুব ক্ষুব্ধ হয়েছিলাম। ভেবেই পাচ্ছিলাম না, এমন নির্বোধের মতো কাজটা হলো কি করে?”
তবে শঙ্কার মেঘ দূর করে সবার চাওয়া পূরণ হয়েছে বলে খুশি ক্রুইফ। নেদারল্যান্ডসের এই কোচ বলেন, “এ দেশের যারা ফুটবলকে ভালোবাসে, তাদেরকে কিছু ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।”
