২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন ফাইনালের স্বপ্ন মামুনুলের

শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলা ‘প্রাথমিক’ লক্ষ্য পূরণের পর এবার আরো বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। প্রথমবারের মতো এই আসরের ফাইনালে খেলতে চান জাতীয় দলের এই মিডফিল্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 09:16 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে ১-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ।

‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে ওঠার পর সংবাদ সম্মেলনে মামুনুল বলেন, “যারা দলকে সমর্থন দিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ। সবচেয়ে সুখবর হলো, আমি দ্রুত ঘুরে দাঁড়িয়েছি। এখন আমাদের লক্ষ্য গোল্ড কাপের ফাইনালে খেলা।”

“সেমি-ফাইনালে খেলার ওয়াদা করেছিলাম আমরা। সে লক্ষ্য পূরণ হয়েছে। এবার ফাইনালই লক্ষ্য আমাদের। আমরা ফাইনালে উঠলে বলতে পারব, গোল্ড কাপে আমাদের মিশন সফল হয়েছে”, যোগ করেন শেখ জামালের এই তারকা ফুটবলার।

শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচের আগে মামুনুল বলেছিলেন, সেমি-ফাইনালে দলকে ‍তুলতে  না পারলে জাতীয় দলকে বিদায় বলে দেবেন তিনি। একই সিদ্ধান্ত নিয়েছিলেন জাতীয় দলের ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। জাতীয় দলকে এখনই ‘বিদায়’ বলতে হচ্ছে না বলে খুশি মামুনুল।

গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে সতীর্থদের পারফরম্যান্সে দারুণ খুশি অধিনায়ক, “উদ্বোধনী ম্যাচে ভালো খেলেও আমরা গোল পাইনি। আজ সবাই ভালো খেলেছে এবং দলও গোলও পেয়েছে। আজকের দিনটা আমাদের ছিল।”

গোল্ড কাপের সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল হবে, তা জানা যাবে থাইল্যান্ড-বাইরাইনের ম্যাচের পর। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে। তবে ফাইনালে ওঠার প্রশ্নে সেমি-ফাইনালে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে লড়তে প্রস্তুত বলে সংবাদ সম্মেলনে জানান মামুনুল।