২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো গোল চাই হেমন্তের

হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শেখ রাসেলের এই মিডফিল্ডার আগামী দিনগুলোয় দেশের হয়ে আরো গোল করতে চান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 09:28 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোমবার ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হেমন্ত বলেন, “আজ গোলের আরো সুযোগ পেয়েছিলাম কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এই ভুলগুলো শুধরে নিয়ে আগামীতে আরো গোল করতে চাই।”

৪১তম মিনিটে সোহেল রানা, জাহিদ হাসান এমিলির সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করেন হেমন্ত। মাঝ মাঠ থেকে সোহেলের বাড়ানো লম্বা ক্রস এমিলি বুক দিয়ে নামিয়ে হেমন্তকে দেন। বক্সের বাইরে থেকে শেখ রাসেলের এই মিডফিল্ডার গতিময় শটে প্রতিপক্ষ গোলরক্ষকে পরাস্ত করেন।

তবে দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ নষ্ট করেন হেমন্ত।

গত বছর মার্চে ভারতের বিপক্ষের প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হেমন্তের। ২-২ গোলে ড্র হওয়া ওই ম্যাচে একটি গোল করেন শেখ রাসেলের এই তারকা। শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে জাতীয় ফুটবল দলের হয়ে দ্বিতীয় গোল পেলেন তিনি। কঠোর অনুশীলনকে সাফল্যের পেছনের কারণ মনে করেন হেমন্ত।

“কঠোর অনুশীলন, কোচ ও সতীর্থদের সহযোগিতার কারণে সাফল্য পাচ্ছি। আমার মনে হয়, ১০ নম্বর জার্সির মান রাখতে পারছি আমি।”