২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠেই মেসির জবাব

মাঠের বাইরের নানা গুঞ্জন যে খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি, দেপোর্তিভো লা করুনার বিপক্ষে হ্যাটট্রিক করে তার প্রমাণ দিলেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 06:01 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয়
হ্যাটট্রিকের রেকর্ডে রোনালদোকে ছোঁয়ার পথে মেসি

গত রোববার রাতে মেসির হ্যাটট্রিকে ভর করে দেপোর্তিভোর মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।

দলের সেরা তারকার চমৎকার পারফরম্যান্সে দারুণ খুশি বার্সেলোনার কোচ লুইস এনরিকে। তার মতে, মেসির খেলা 'সবসময়ই বিশ্বমানের'।

"মেসি সব মৌসুমেই উঁচু মানের খেলে। কখনই সে তার মান পড়তে দেয় না। সে এখন বিশ্ব-মানের খেলা খেলছে।"

ম্যাচের দশম মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচের লম্বা করে উড়িয়ে মারা বল দারুণ দক্ষতায় অফসাইডের ফাঁদ ভেঙে হেডে প্রথম গোলটি করেন মেসি। ১১ মিনিট পর হালকা টোকায় দ্বিতীয় গোল করেন তিনি।

আর ৬২তম মিনিটে একক নৈপুণ্যে তৃতীয় গোলটি করেন মেসি। রাকিতিচের কর্নার থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডানদিক থেকে কিছুটা কোনাকুনি দৌড়ে বাঁ পায়ের ‘ট্রেডমার্ক’ বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বর্তমানের অন্যতম সেরা এই তারকা।

দারুণ এই হ্যাটট্রিকে ১৯টি গোল নিয়ে গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে আছেন মেসি। শীর্ষে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর গোল ২৮টি।

লা লিগায় ২২তম হ্যাটট্রিক করে মেসি স্পর্শ করেন সাবেক দুই কিংবদন্তি তেলমো সাররা ও আলফ্রেদো দি স্তেফানোকে। আরেকটি হ্যাটট্রিক করলেই ২৩ হ্যাটট্রিকের রেকর্ডের মালিক ক্রিস্তিয়ানো রোনালদোকে ধরে ফেলবেন আর্জেন্টিনা অধিনায়ক।

সম্প্রতি মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে স্পেনের সংবাদমাধ্যমে নানা গুঞ্জন ওঠে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়, কোচের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না মেসির।

মেসি গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্পেনের লা লিগার ম্যাচ জেতার পর সংবাদমাধ্যমে আসা সব খবর ‘মিথ্যা আর বানোয়াট’ বলে উল্লেখ করে বলেছিলেন, বার্সেলোনা ছাড়ার কথা ভাবছেনই না তিনি।