২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয়

নতুন বছরে আরেকবার বার্সেলোনার ছন্দময় ফুটবল দেখল বিশ্ব। দলগত নৈপুণ্যের পাশাপাশি লিওনেল মেসির হ্যাটট্রিকে লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারিয়েছে লু্ইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 02:14 AM

Updated : 12 Oct 2022, 03:11 PM

সব ধরণের প্রতিযোগিতা মিলে গত চার ম্যাচে ১৬ গোল করেছে বার্সেলোনা, বিপরীতে তারা হজম করেছে মাত্র একটি গোল।

গত বৃহস্পতিবার মেসি, নেইমার ও সুয়ারেসসহ মূল দলের অনেককে ছাড়া খেলতে নেমেও কোপা দেল রেতে এলচেকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা। 'বি' দলের কাছাকাছি মানের দল নিয়েও অমন সহজ জয়ের আত্মবিশ্বাসের সঙ্গে এবার পুরো শক্তি নিয়েই মাঠে নামে কাতালুনিয়ার ক্লাবটি।

রোববার দোপোর্তিভোর মাঠে এগিয়ে যেতে দেরি করেনি বার্সেলোনা। দশম মিনিটের শুরুতে মেসির বাঁ পায়ের শট কোনোমতে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। কিন্তু ওই মিনিটের শেষ সময়ে আর্জেন্টিনার অধিনায়ককে আর রুখতে পারেননি তিনি।

ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচের লম্বা করে উড়িয়ে মারা বল দারুণ দক্ষতায় অফসাইডের ফাঁদ ভেঙে হেডে জালে পাঠিয়ে দেন মেসি।

২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ পেয়েও লুইস সুয়ারেস লক্ষ্যভ্রষ্ট শট নেন। ১১ মিনিট পর টানা চারবারের বর্ষসেরা মেসি অবশ্য কোনো ভুল করেননি।

নেইমারের পাস ছিল সুয়ারেসকে লক্ষ্য করেই। তবে উরুগুয়ের এই স্ট্রাইকারের পায়ে লেগে বল চলে যায় মেসির কাছে। হালকা টোকায় সহজেই লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনা অধিনায়ক।

তিন মিনিট পর আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু তার ডান পায়ের শটটি একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধের বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে বার্সেলোনা। প্রথম ৪৫ মিনিটে দেপোর্তিভো দুইবার পাল্টা আক্রমণে গেলেও একটাও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা।

বিরতির পরও অধিকাংশ সময় বল দখলে রেখে বারবার আক্রমণ করতে থাকে বার্সেলোনা। ৬২তম মিনিটে তৃতীয় গোলে হ্যাটট্রিক পূরণ হয় মেসির।

একক নৈপুণ্যেই তৃতীয় গোলটি করেন মেসি। রাকিতিচের কর্নার থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডানদিক থেকে কিছুটা কোনাকুনি দৌড়ে বাঁ পায়ের ‘ট্রেডমার্ক’ বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বর্তমানের অন্যতম সেরা এই তারকা।

৮৩তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান হয়ে যায় ৪-০।

হ্যাটট্রিকের স্মৃতি ধরে রাখতেই হয়তো ম্যাচ শেষে বলটা হাতে নিয়ে মাঠ ছাড়েন মেসি।

দারুণ এই হ্যাটট্রিকে ১৯টি গোল নিয়ে গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে আছেন মেসি। শীর্ষে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর গোল ২৮টি।

এই জয়ে ১৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট বেড়ে হলো ৪৪।

এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দিনের প্রথম ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারায় রোনালদো-বেলরা।

দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে ২-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।