হ্যাটট্রিকের রেকর্ডে রোনালদোকে ছোঁয়ার পথে মেসি
একের পর এক রেকর্ড গড়ে চলা লিওনেল মেসির সামনে আরেকটি রেকর্ডের হাতছানি। লা লিগায় আরেকটি হ্যাটট্রিক করতে পারলেই ক্রিস্তিয়ানো রোনালদোর ২৩ হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করবেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
গত রোববার লিগে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারানোর ম্যাচে লিগে ২২তম হ্যাটট্রিকটা করেন মেসি। স্পর্শ করেন ২২ হ্যাটট্রিক করে তালিকার দ্বিতীয় স্থানে থাকা দুই কিংবদন্তি তেলমো সাররা ও আলফ্রেদো দি স্তেফানোকে।
আর স্পেনের কোনো দলের হয়ে সব প্রতিযোগিতা মিলে বার্সেলোনার সেরা খেলোয়াড়ের এটা ছিল ৩০তম হ্যাটট্রিক।
বার্সেলোনার হয়ে মেসি তার প্রথম হ্যাটট্রিকটা করেছিলেন ২০০৬-০৭ মৌসুমে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ২০১৩-১৪ মৌসুমেও রিয়ালের বিপক্ষে আরেকটি হ্যাটট্রিক আছে তার।
মেসির হ্যাটট্রিকে সবচেয়ে বেশি তিনবার করে বিধ্বস্ত হয়েছে ওসাসুনা ও ভালেন্সিয়া। মোট ১৯টি ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এছাড়া দুইবার ম্যাচে ৪টি করে গোল করার পাশাপাশি একবার ৫ গোলও করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বেয়ার লেভারকুজেনের বিপক্ষে পাঁচ গোলের কৃতিত্ব গড়েন তিনি।
গত বছরের শেষ দিকে লা লিগায় তেলমো সাররার গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন মেসি। প্রায় ৬০ বছর আগে ২৫১টি গোল করে রেকর্ডটি গড়েছিলেন ২০০৬ সালে মারা যাওয়া আথলেতিক বিলবাওয়ের সাররা।
