২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির কণ্ঠে ভিন্ন সুর!

বার্সেলোনায় পুরো ক্যারিয়ার থাকার প্রত্যাশা করার পরের দিনই লিওনেল মেসি বললেন অন্য কথা। আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড জানালেন, আগামী বছর স্পেনের ক্লাবটিতে থাকবেন কিনা তা নিয়েই নাকি নিশ্চিত নন তিনি!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 05:20 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

পুরনো খবর:

নয়ার না পাওয়ায় হতাশ জার্মানরা
একে অপরকে সেরা মানেন না মেসি-রোনালদো!
মেসি, নয়ারকে ছাড়িয়ে রোনালদোই সেরা

সোমবার ২০১৪ ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার আগে এক সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে একটু যেন সন্দিহানই হয়ে পড়েন মেসি।

মেসিকে প্রশ্ন করা হয়েছিল, ক্যারিয়ারটা কী বার্সেলোনাতে শেষ করবেন, নাকি নিজের শহর রোসারিওর ক্লাব নিউয়েলস বয়েসে ফিরে যাবেন।

উত্তরে মেসি বলেন, “আমি নিশ্চিত নই, কী ঘটতে যাচ্ছে; আমি আবার নিউয়েলসেই ফিরে যাব কিনা। জানি না, আগামী বছরে আমি কোথায় থাকব।”

বেশ কয়েকদিন ধরেই স্পেনের গণমাধ্যমে কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির ঝামেলা চলছে বলে খবর বের হয়। মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলে কেউ কেউ। এ নিয়ে মেসি চুপ থাকলেও গত রোববার স্পেনের লা লিগায় নিজেদের মাঠ কাম্প নউয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জয়ের মুখ খোলেন তিনি।

মেসি জানান, বার্সেলোনায়ই থেকে যাবেন ক্যারিয়ারের পুরোটা সময়। সংবাদমাধ্যমের খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়ে জানান, কোচের পদত্যাগ আর বার্সেলোনা ছাড়তে কখনই চাননি তিনি।

পরের দিনই মেসির কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর।

“যদিও সবসময়ই আমি বলে এসেছি, ক্যারিয়ারটা বার্সেলোনাতেই শেষ করতে চাই; কিন্তু...কেউ জানে না, ভবিষ্যতে কী আছে।”

২০১৪ সালের ফিফা-ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে গত বছরের মতো এবারও ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে হেরে গেছেন মেসি।