হাজারতম জয়ে ব্রিসবেনের শিরোপা ফেদেরারের
দারুণ এক মাইলফলক ছোঁয়ার পাশাপাশি শিরোপা জয়ের স্বাদও পেলেন রজার ফেদেরার। মিলোস রাওনিচকে হারিয়ে ক্যারিয়ারে এক হাজারতম জয় এবং ব্রিসবেন ওপেনের শিরোপা জিতেছেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা।
রোববার প্রতিযোগিতার ফাইনালে রাওনিচ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও ফেদেরারের সঙ্গে পেরে ওঠেননি। দুই ঘন্টা ১৩ মিনিট লড়াইয়ের পর ৬-৪, ৬-৭ (২), ৬-৪ সেটে জিতে মাইলফলকে পা রাখেন ফেদেরার।
এই জয়ে জিমি কনরস ও ইভান লেন্ডলের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে হাজার ম্যাচ জেতার মাইলফলকে ছুঁলেন ফেদেরার। পুরুষ এককে কনরস ১ হাজার ২৫৩টি এবং লেন্ডল ১ হাজার ৭১টি ম্যাচ জেতেন।
জয়ের আনন্দে ভাসছেন ফেদেরার। তিনি বলেন, “কোনো সন্দেহ নেই, এটা আমার জন্য বিশেষ মুহূর্ত।”
“বছরের পর বছর আমি অনেক টেনিস খেলেছি.. তাই এক হাজারতম জয় পাওয়া আমার কাছে অনেক কিছু এবং আমি এই ম্যাচটির কথা কখনো ভুলব না”, যোগ করেন তিনি।
