সানচেসের নৈপুণ্যে আর্সেনালের জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে আর্সেনাল। আলেক্সিস সানচেসের জোড়া গোলে স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
অপর গোলদাতা লরেন্ত কোসিয়েলনির গোলটিতেও অবদান ছিল চিলির ফরোয়ার্ড সানচেসের।
নতুন বছরে আর্সেনালের এটা প্রথম জয়। বছরের প্রথম দিনে সাউথ্যাম্পটনের মাঠে ২-০ গোলে হেরেছিল তারা।
রোববার ঘরের মাঠ এমিরেটসে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় গানাররা। সানচেসের দারুণ ক্রসে হেড করে গোলটি করেন অরক্ষিত থাকা ফরাসি ডিফেন্ডার লরেন্ত কোসিয়েলনি।
এরপর ৩৩তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সানচেস।
বাঁ দিক থেকে চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার টমাস রসিস্কির সঙ্গে একবার বল দেয়া নেয়া করে দুই জনকে বোকা বানিয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সানচেস। শট নেয়ার সময়ও তাকে দুই জন ঘিরে ছিল।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে নিচু ফ্রি-কিকে তৃতীয় গোলটি করেন সানচেস।
এই জয়ে ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আর্সেনাল।
গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারানো চেলসি ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
আর এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যানচেস্টার সিটি ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
