২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা হারে সঙ্কট দেখছেন না রিয়াল কোচ

এসি মিলানের কাছে প্রীতি ম্যাচের পর প্রতিযোগিতামূলক ম্যাচে ভালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদের কাছে হার। টানা ২২টি ম্যাচ জিতে দুর্দম্য গতিতে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদ কি সঙ্কটে পড়ল? কোচ কার্লো আনচেলত্তি এই শঙ্কা একেবারেই উড়িয়ে দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 04:04 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

বুধবার রাতে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম পর্বে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে যায় রিয়াল

এর আগে স্পেনের লা লিগায় ভালেন্সিয়ার মাঠ থেকে ২-১ গোলে হেরে আসে রিয়াল। তারও আগে একটি প্রীতি ম্যাচে এসি মিলানের কাছে ৪-২ ব্যবধানে হারে চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে দশম শিরোপা জেতা দলটি। তবে এসব হার আনচেলত্তির কাছে মোটেই সঙ্কটের কোনো পূর্বাভাস নয়।

“সঙ্কট? এটা একটু বেশি বলা হয়ে গেল। এই দুটি ম্যাচ (ভালেন্সিয়া ও আতলেতিকোর বিপক্ষে) নিয়ে আমরা খুশি নই। আমাদের শিগগিরই আবার একটা জয় পেতে হবে।”

আতলেতিকোর বিপক্ষে ম্যাচ হারার কারণ অবশ্য খুঁজে পেয়েছেন আনচেলত্তি। ম্যাচ শেষে হেরে যাওয়ার ব্যাখ্যাও দেন তিনি।

“(রাউল গার্সিয়ার) পেনাল্টির আগে পর্যন্ত আমরাই ম্যাচটি নিয়ন্ত্রণ করি। ম্যাচের শেষ দিকে আমরা ভালে করতে পারিনি।”

৫৮তম মিনিটে গার্সিয়ার পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর হোসে হিমিনেসের হেডে ব্যবধান ২-০ করে আতলেতিকো।

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো সেট পিসে রিয়াল মাদ্রিদের ব্যর্থতার বিষয়টিকেই হারের কারণ হিসেবে দেখান।

“এই ফলটা কাটিয়ে ওঠা খুব কঠিন। আমরা শুরুটা ভালো করেছিলাম, কিন্তু আবার সেই সেট পিস...।”

আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনেও রিয়ালের হারের পেছনে শেষের দিকে তাদের ভালো না খেলাকেই দেখান।

“মাদ্রিদ শুরুটা ভালো করে। কিন্তু আমার ছেলেরা ভালো জবাব দিয়েছে।”

কোপা দেল রের শেষ আটে ওঠার সম্ভাবনা এখন রিয়ালের একটু কমই দেখছেন আনচেলত্তি।

“শনিবার আমরা এসপানিওলের বিপক্ষে খেলব এবং এরপর দ্বিতীয় পর্ব (কোপা দেল রের) খেলতে হবে। আমাদের একটা সুযোগ আছে, তবে বেশি নয়। আতলেতিকোর এগিয়ে আছে। আমাদের সর্বস্ব উজাড় করে দিতে হবে।”