২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে দ্বন্দ্বের খবর উড়িয়ে দিলেন এনরিকে

বার্সেলোনা তারকা লিওনেল মেসির সঙ্গে কোনো বিরোধের কথা অস্বীকার করেছেন কোচ লুইস এনরিকে। স্প্যানিশ গণমাধ্যমগুলোর এ জাতীয় খবর উড়িয়ে দিলেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 02:09 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

‘বার্সাতেই থাকছেন মেসি’
মেসির সঙ্গে ‘দ্বন্দ্বে’ শঙ্কায় এনরিকের ভবিষ্যৎ?

গণমাধ্যমে বের হওয়া খবর নিয়ে এনরিকে মন্তব্য করতে অস্বীকার করেন। তবে তার ও মেসির দ্বন্দ্ব নিয়ে প্রকাশিত খবর ‘অসত্য’ ও ‘খারাপ উদ্দেশ্যে প্রচারিত’ বলেন তিনি।

দলের সবার সঙ্গে তার সম্পর্ক আগের মতোই আছে বলে বুধবার সংবাদ সম্মেলনে এনরিকে জানান।

স্প্যানিশ কাপে এলচের মুখোমুখি হওয়ার আগে বুধবার এক সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “সব খেলোয়াড়ের সঙ্গে আমার সম্পর্ক মৌসুমের শুরুতে যেমন ছিল, তেমনই আছে। অবশ্যই এখন আমরা একে অপরকে আরও ভালোভাবে জানি কিন্তু সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি।”

এনরিকে তার ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর নীতি এবং বার্সেলোনার সাম্প্রতিক বাজে অবস্থা নিয়ে এমনিতেই সমালোচনার মুখে ছিলেন। তার ওপর গত রোববার রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মেসি ও নেইমারকে শুরুর একাদশে না রাখা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।

ম্যাচের পর দিন আবার দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন মেসি। এটা নিয়ে নাকি ভীষন রেগে যান এনরিকে। স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্তের খবর অনুযায়ী, মেসিকে শৃঙ্খলাভঙ্গের সর্বোচ্চ শাস্তি দিতে চেয়েছিলেন কোচ। পরে কোচের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন দলের তিন অধিনায়ক চাভি এর্নান্দেস, আন্দ্রেস ইনিয়েস্তা আর সের্হিও বুসকেতস।

এর মধ্যে আবার স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, মেসির সঙ্গে ঝামেলার কারণে বার্সেলোনা কোচের ভবিষ্যতই নাকি শঙ্কার মুখে পড়ে গেছে। তবে এসব ভিত্তিহীন খবর বলে উড়িয়ে দিলেন এনরিকে।

“আমার মনে হয়, ক্লাব এবং সমর্থকদের সমর্থন আমার আছে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। একই রকম পেশাদারিত্ব নিয়ে আগের মতোই আমি কাজ করে যাব। গল্প অস্বীকার করতে আমি এখানে আসিনি।”

বার্সেলোনায় আসার পর থেকেই মেসির প্রশংসায় পঞ্চমুখ এনরিকে বলেন, “মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমি অনেকবার এটা বলেছি, এটা বারবার বলার কোনো প্রয়োজন নেই।”