২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে ‘দ্বন্দ্বে’ শঙ্কায় এনরিকের ভবিষ্যৎ?

লিওনেল মেসির সঙ্গে কোচ লুইস এনরিকের ঝামেলা মেটাতে বার্সেলোনার সিনিয়র খেলোয়াড়রা উদ্যোগ নিয়েছেন। কিন্তু স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের সঙ্গে ঝামেলার কারণে বার্সেলোনা কোচের ভবিষ্যতই শঙ্কার মুখে রয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 01:02 AM

Updated : 22 Aug 2022, 11:26 AM

অধিনায়ক চাভি এর্নান্দেসসহ দলের সিনিয়র ও তারকা খেলোয়াড়রা বুধবার অনুশীলন শুরুর আগে মেসির সঙ্গে কথা বলেন।

এমনিতেই এনরিকে তার ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর নীতি এবং বার্সেলোনার সাম্প্রতিক বাজে অবস্থা নিয়ে সমালোচনার মুখে পড়েন। এর ওপর গত রোববার রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মেসি ও নেইমারকে শুরুর একাদশে রাখেননি তিনি।

ম্যাচের পরের দিন দলের অনুশীলনে যাননি মেসি। বার্সেলোনার ওয়েবসাইটে এর কারণ হিসেবে দেখানো হয় মেসির পেটের পীড়াকে।

স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্তের খবর অনুযায়ী, মেসিকে শৃঙ্খলাভঙ্গের সর্বোচ্চ শাস্তি দিতে চেয়েছিলেন এনরিকে। বিষয়টি জানতে পেরে কোচের সঙ্গে দেখা করেন বার্সেলোনার তিন অধিনায়ক চাভি এর্নান্দেস, আন্দ্রেস ইনিয়েস্তা আর সের্হিও বুসকেতস। তারা কোচকে বোঝান, বিষয়টি নিয়ে পরিস্থিতি আর জটিল করা ঠিক হবে না।

ফুটবল পণ্ডিতরা মনে করেন, এনরিকে আর মেসির সঙ্গে ঝামেলা হওয়ার মূল কারণ এনরিকের প্রাধান্য বিস্তারের পদ্ধতি।

অনেকের মতে, বার্সেলোনার অন্যতম সিনিয়র খেলোয়াড় হিসেবে মেসি তার প্রতি কোচের আচরণটা আরো শিথিল চান।

বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা আর জেরার্দো মার্তিনোও মেসিকে অনেক বেশি গুরুত্ব দিতেন। সেই সময়ও বিশ্রাম দিলে মেসি বিরক্ত হতেন বলে দাবি অনেকের।

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবারের অনুশীলনে এনরিকের সঙ্গে ঝামেলা হয় বার্সেলোনা তারকার। এরপর ম্যাচের শুরুর একাদশে তাকে না নামিয়ে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ। মেসি এটা মেনে নিতে পারেননি।

স্পেনের কয়েকটি গণমাধ্যমে এখন বলা হচ্ছে, এনরিকে কোচ থাকলে মেসি না-কি বার্সেলোনাতেই থাকবেন না। আর এমন পরিস্থিতে ক্লাবটির বোর্ড মেসিকেই বেছে নেবে।

পুরনো খবর:

মেসিকে জরিমানা করতে চেয়েছিলেন বার্সা কোচ!
মেসি-নেইমারকে একাদশে না রাখা নিয়ে অনুতাপ নেই এনরিকের
পেটের সমস্যায় অনুশীলনে অনুপস্থিত মেসি