ভেঙ্গারের মুখোমুখি হওয়া সমর্থক গ্রেপ্তার
সাউথ্যাম্পটনের কাছে হেরে যাওয়ার পর আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গারের মুখোমুখি হয়েছিলেন এক সমর্থক। ডাগআউটে ঢুকে পড়া সেই সমর্থককে গ্রেপ্তার করেছে হ্যাম্পশায়ারের পুলিশ।
বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউথ্যাম্পটনের মাঠ থেকে ২-০ গোলে হেরে আসে আর্সেনাল।
ম্যাচ শেষে ২৫ বছর বয়সী ওই যুবক আর্সেনালের ডাগআউটে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই অবশ্য স্টেডিয়াম কর্মীরা তাকে ধরে নিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডিসেম্বর মাসে স্টোক সিটির কাছে হেরে যাওয়ার পর ট্রেনে ওঠার সময় আর্সেনালের সমর্থকরা ভেঙ্গারকে অপমান করেছিল। তবে সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ শেষে ডাগআউটে ঢুকে পড়া এই সমর্থক আর্সেনালের বলে মনে করেন না ভেঙ্গার।
“আমার মনে হয়, সে সাউথ্যাম্পটনের সমর্থক ছিল। সে মোটেই আক্রমণাত্মক ছিল না। আমার মনে হয়, সে কিছু বলেনি।”
সাউথ্যাম্পটনের কাছে হারার পর ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাউথ্যাম্পটন।
