২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ্যাম্পটনের কাছে আর্সেনালের হার

টানা দুই ম্যাচ জয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে আসের্নাল। নিজেদের মাঠে আর্সেন ভেঙ্গারের দলকে ২-০ গোলে হারিয়েছে সাউথহ্যাম্পটন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 11:23 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

নাটকীয় জয়ে বছর শুরু সিটির
তলানির দলের কাছে পয়েন্ট খোয়াল লিভারপুল
হোঁচট খেয়ে বছর শুরু ইউনাইটেডের

বৃহস্পতিবার সেন্ট মেরি স্টেডিয়ামে পয়েন্ট তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দল দুটি শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরির চেষ্টা করে। কিন্তু জাল পর্যন্ত পৌঁছাতে পারছিল না তাদের প্রচেষ্টাগুলো।

এরই মধ্যে ৩৪তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন সাদিও মানে। ডি-বক্সের ভেতরে সেনেগালের এই মিডফিল্ডারকে বাধা দিতে এগিয়ে যান আর্সেনালের গোলরক্ষক। কিন্তু দুরূহ কোণ থেকে মানের বাঁকানো শট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। ছুটে আসা পের মেরটেজাকারও দলকে বিপদ থেকে রক্ষা করতে পারেননি। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ এসেছিল সাউথ্যাম্পটনের সামনে। সেবার কোনোমতে স্বাগতিকদের আক্রমণ ঠেকিয়ে দেয় আর্সেন ভেঙ্গারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে আর্সেনাল। কিন্তু তাদের কোনো আক্রমণ থেকেই সাফল্য আসেনি। উল্টো ৫৬তম মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন দুসান তাদিচ। স্বাগতিকদের একটি আক্রমণ বিপদমুক্ত করতে গিয়ে অরক্ষিত তাদিচের পায়ে বল ঠেলে দেন আর্সেনালের গোলরক্ষক। সার্বিয়ার মিডফিল্ডার তাদিচ ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেননি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর খেলায় ফিরতে পারেনি আর্সেনাল। বরং আরো দুইবার তাদের জালে বল পাঠানোর মতো সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগাতে না পারলেও দারুণ এক জয় দিয়েই বছর শুরু করলো সাউথ্যাম্পটন। এই জয়ে তিন নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের (৩৭) সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে এনেছে সাউথ্যাম্পটন। ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তারা। ৩৩ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই রয়েছে আর্সেনাল।