২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে বছর শুরু সিটির

নতুন বছরটা জয় দিয়ে শুরু করল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধের নাটকীয়তায় শেষ পর্যন্ত সান্ডারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 11:12 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

তলানির দলের কাছে পয়েন্ট খোয়াল লিভারপুল
সাউথ্যাম্পটনের কাছে আর্সেনালের হার
হোঁচট খেয়ে বছর শুরু ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বৃহস্পতিবার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে ভালো খেলেও গোল পায়নি ম্যানচেস্টার সিটি। ম্যাচের পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত সিটি। কিন্তু গায়েল ক্লিশির ক্রসে ছোট ডি বক্সের ভেতর থেকে নেয়া স্তেভান ইওভেতিচের ডান পায়ের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পায় সিটি। তবে কখনো সান্ডারল্যান্ড গোলরক্ষকের বিশ্বস্ত হাতে বল আটকে যায়। কখনো আবার ইওভেতিচ-ইয়াইয়া তুরেরা সুযোগ নষ্ট করেন।

সিটির গেরো অবশেষে খোলেন তুরে। ৫৭তম মিনিটে ইওভেতিসের পাস থেকে দূরপাল্লার দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

নয় মিনিট পর স্কোর শিটে নাম লেখান ইওভেতিচ নিজেই। গায়েল ক্লিশির পাস থেকে খুব কাছ থেকে করা গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

নাটকের তখনও অনেক বাকি ছিল। ৬৮তম মিনিটে জ্যাক রডওয়েলের দারুণ হেডে ব্যবধান কমায় সান্ডারল্যান্ড। ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান অ্যাডাম জনসন।

নাটকের শেষ এখানেই নয়। বদলি হিসেবে মাঠে নেমে সিটিকে জয় এনে দেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। গায়েল ক্লিচির ক্রসে দারুণ এক হেড করে ৭২তম মিনিটে জয়সূচক গোলটি করেন বুধবারই সিটির সঙ্গে ধারের চুক্তির মেয়াদ বাড়ানো এই ইংলিশ মিডফিল্ডার।

এরপর ম্যাচ চলে যায় ম্যানচেস্টার সিটির নিয়ন্ত্রণে। এ সময় অনেকগুলো গোলের সুযোগ পায় তারা।

গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তুরে। সহজ সুযোগ নষ্ট করেন ল্যাম্পার্ড। আর হেসুস নাভাসকে গোলবঞ্চিত করে পোস্ট।

এই জয়ে শীর্ষে থাকা চেলসির সঙ্গে পয়েন্ট সমান করল সিটি। ২০ ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট এখন ৪৬। চেলসি অবশ্য টটেনহ্যামের সঙ্গে জিতে আবার ৩ পয়েন্টের ব্যবধান করে ফেলতে পারে।