২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তলানির দলের কাছে পয়েন্ট খোয়াল লিভারপুল

নতুন বছরের শুরুতে ধাক্কা খেয়েছে লিভারপুল। দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত নিজেদের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থাকা লেস্টার সিটির সঙ্গে ড্র করেছে ব্রেন্ডন রজার্সের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 11:33 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

নাটকীয় জয়ে বছর শুরু সিটির
সাউথ্যাম্পটনের কাছে আর্সেনালের হার
হোঁচট খেয়ে বছর শুরু ইউনাইটেডের

অ্যানফিল্ডে লিভারপুল ও লেস্টার সিটির ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে পেনাল্টি থেকে স্টিভেন জেরার্ডের পাওয়া দুই গোলে এগিয়ে ছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধে লেস্টার দুটি গোল ফিরিয়ে দেয়।

লেস্টারের ডেভিড নিউজেন্ট ও জেফরি শ্লোপ একটি করে গোল করেন।

প্রথমার্ধে পাওয়া দুটি পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় লিভারপুল। দুটি পেনাল্টিকেই গোলে রূপ দেন ইংলিশ মিডফিল্ডার স্টিভেন জেরার্ড।

ষষ্ঠদশ মিনিটে নিজেদের বক্সে লেস্টারের ওয়েস মর্গ্যানের হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। জেরার্ডের গতিময় শট বলের লাইনে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়।

৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। এবার বক্সে ড্যানি সিম্পসনের হাতে বল লাগে। লেস্টারের গোলরক্ষক হ্যামারকে ডান দিকে ছিটকে দিয়ে গোল করেন জেরার্ড।

দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ব্রেন্ডন রজার্সের মুখের হাসি কেড়ে নেয় লেস্টার। ৫৮তম মিনিটে জেমি ভারডির এগিয়ে দেয়া বল লিভারপুলের জালে পৌঁছে দেন ডেভিড নিউজেন্ট। দুই মিনিট পর রিয়াদ মাহরেজের সহযোগিতায় অতিথিদের সমতায় ফেরান জেফরি শ্লোপ। ম্যাচ ২-২ গোলের সমতায় ফেরার পর লিভারপুল মরিয়া হয়ে আক্রমণে যায়। কিন্তু লেস্টারের রক্ষণদেয়াল ভাঙতে পারেনি তারা। নির্ধারিত নব্বই মিনিটের পর যোগ করা সময়ে জেরার্ডের শট অতিথিদের গোলপোস্টের ওপর দিয়ে উড়ে গেলে ‘পুচঁকে’ লেস্টারের কাছে লিভারপুলের পয়েন্ট খোয়ানো নিশ্চিত হয়ে যায়। এই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় অষ্টম স্থানে রয়েছে লিভারপুল। আর ১৪ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে আছে লেস্টার।