২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ভারোত্তোলনের শেষ দিনে ৩ রেকর্ড

দেশসেরা ভারোত্তোলক বিদ্যুৎ কুমার রায়ের বিদায় আর মোট ছয়টি রেকর্ড দিয়ে শেষ হলো জাতীয় ভারোত্তোলনের এবারের আসর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 09:11 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বৃহস্পতিবার তৃতীয় ও শেষ দিনে মাবিয়া আক্তার সীমান্ত দুটি ও রোকেয়া সুলতানা সাথী একটি করে রেকর্ড গড়েন।

এবারের আসরে পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেরা ভারোত্তোলক হয়েছেন দলটির হামিদুল ইসলাম।

পুরুষ জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা। জুনিয়রে সেরা ভারোত্তোলক হয়েছে দলটির শেখ নাঈম হোসেন।

মহিলা ৬৯ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক উভয় বিভাগে নতুন জাতীয় রেকর্ড গড়েন মাবিয়া আক্তার সীমান্ত। স্ন্যাচে ৬৯ কেজি তুলে রোকেয়া সুলতানা সাথির ২০১১ সালে গড়া রেকর্ড ভাঙেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে ২০১৪ সালে ১ম আন্ত: সংস্থা ভারোত্তোলন প্রতিযোগিতায় সাথিরই রেকর্ড (৮২ কেজি) ভাঙেন বাংলাদেশ আনসারের এই অ্যাথলেট। ক্লিন অ্যান্ড জার্কে ৯৩ কেজি ওজন তোলেন সীমান্ত।

মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে রোকেয়া সুলতানা সাথী স্ন্যাচে ৭২ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ২০১১ সালে শাহরিয়ার সুলতানা সুচির গড়া ৭০ কেজির রেকর্ড ভাঙ্গেন সেনাবাহিনীর এই অ্যাথলেট।

পুরুষ সিনিয়র ১০৫ কেজি ওজন শ্রেনীতে ২৭১ কেজি তুলে সেরা হন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন সাতাশ বছরের ভারোত্তোলনের ক্যারিয়ারের ইতি টেনে দেয়া বিদ্যুৎ কুমার রায়।

পুরুষ সিনিয়র ৭৭ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর আজিজুর রহমান ২৩৯ কেজি তুলে সোনা পেয়েছেন। একই দলের মাইনুল ও আব্দুল্লাহ আল মুমিন নিজেদের ইভেন্টের সোনা জিতেছেন।

পুরুষ সিনিয়র বিভাগে ১০৫ কেজির বেশি ওজন শ্রেণিতে আনসারকে সোনা এনে দেন ফিরোজ মাহমুদ।

জাতীয় ভারোত্তোলনের দ্বিতীয় দিনে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ আনসারের মোল্লা সাবিরা সুলতানা ও ফাহিমা আক্তার ময়না এবং বিজেএমসির জহুরা আক্তার রেশমা।