মেসি বিদ্বেষী ১৭ সমর্থককে নিষিদ্ধ করছে রিয়াল
সান্তিয়াগো বের্নাবেউতে রিয়াল মাদ্রিদের ১৭ জন সমর্থককে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। তাদের অপরাধ, তারা বার্সেলোনা আর মেসি বিদ্বেষী গান গেয়েছেন ও স্লোগান দিয়েছেন।
স্পেনের এএস পত্রিকায় বলা হয়, শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল-সেল্তা ভিগো ম্যাচ চলার সময় স্টেডিয়ামের একটি অংশ থেকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, তাদের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ও ক্লাবটির প্রদেশ কাতালুনিয়া সম্পর্কে অপমানজনক গান গাওয়া এবং স্লোগান দেয়া হয়।
ভবিষ্যতে সহিংসতা এড়াতে রিয়াল কর্তৃপক্ষের কড়া না হয়ে কোনো উপায় ছিল না। ক্রীড়া পত্রিকা এএস জানায় ডিসিপ্লিনারি বোর্ডের কাছে চিহ্নিত ১৭ সমর্থকের মৌসুমী টিকেট বাতিল করার প্রস্তাব পাঠানো হবে। ওই সমর্থকদের ক্লাবেও ঢুকতে দেয়া হবে না।
এছাড়াও রিয়াল মাদ্রিদ দেড় হাজার সমর্থকের কাছে চিঠি পাঠিয়ে তাদের এ ধরণের কাজে জড়িত না করতে সতর্ক করে দেয়।
সম্প্রতি আতলেতিকো মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনা ম্যাচের আগে সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক জনের মৃত্যুর ঘটনার পর স্পেনের ক্লাবগুলো সহিংসতা কমানোর জন্য কাজ করছে।
