পরিশ্রমের ফল মিলল হকিতে
দুই মাসের পরিশ্রমের ফল পাওয়ায় ভীষণ খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়ক সারোয়ার হোসেন। ওমানকে উড়িয়ে দিয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার টিকেট পেয়েছে তার দল।
বৃহস্পতিবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ওমানকে ৭-০ গোলে হারায় বাংলাদেশের তরুণেরা। টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত জুনিয়র এএইচএফ কাপ হকির শীর্ষে আছে স্বাগতিকরা। এ আসরের সেরা দুই দল ২০১৫ সালে মালয়েশিয়ার জুনিয়র এশিয়া কাপে খেলবে।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটি হাতে রেখেই জুনিয়র এশিয়া কাপের টিকেট পাওয়ায় আনন্দিত সারোয়ার।
“দুই মাস ধরে এটির জন্য আমরা পরিশ্রম করেছি। জুনিয়র এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পেরে অবশ্যই খুশি।”
এরই মধ্যে এএইচএফ কাপ হকির চলতি আসরে আট গোল করেছেন বাংলাদেশের খোরশেদুর রহমান। আসরের গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। নতুন এক লক্ষ্যও ঠিক করে রেখেছেন এই ডিফেন্ডার।
“এই আসরের সর্বোচ্চ গোলদাতা হতে চাই এবং এ জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
তবে দলের কাছে আরো চান কোচ মামুনুর রশীদ। দুই মাস ধরে এই দলটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, “ছেলেদের খেলায় আমি খুব খুশি নই। তাদের কাছে আরো চাই আমি। আমার বিশ্বাস, এই দলটি আরো ভালো খেলতে পারে।”
“আজ ওমানের বিপক্ষে প্রথমার্ধে যে খেলাটা ওরা (দল) খেলেছে, তাতে আমি বলব, চলতি আসরে এটাই ছিল এখন পর্যন্ত বাংলাদেশের সেরা খেলা”, যোগ করেন কোচ।
