ঘুরে দাঁড়িয়েছে আর্সেনাল
খারাপ সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমকে ১-০ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
ঘরোয়া লিগে টানা দুটি হারের পর জিতলো আর্সেনাল। গত বুধবার বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠে লন্ডনের দলটি। সব ধরণের প্রতিযোগিতা মিলে তিন ম্যাচ পর সেটা ছিল দলটির প্রথম জয়।
শনিবার রাতে আর্সেনালের জয়ের নায়ক ড্যানি ওয়েলবেক। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬০তম মিনিটে স্পেনের মিডফিল্ডার সান্তি কাসোরলার দারুণ এক ক্রসে হেড করে একমাত্র গোলটি করেন ইংল্যান্ডের ওই স্ট্রাইকার।
৮১তম মিনিটে ম্যাচে ফেরার ভালো একটা সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ইংলিশ ফরোয়ার্ড সাইডো বেরাহিনোর হেড ক্রসবারে বাধা পায়।
ওয়েস্ট ব্রুমের মাঠে এই জয়ে ১৩ ম্যাচে আর্সেনালের পয়েন্ট হলো ২০।
