আফগানিস্তানকে উড়িয়ে মেয়েদের শুভসূচনা
মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে শুভ সূচনা করেছে বাংলাদেশ। কৃষ্ণ রানি সরকারের হ্যাটট্রিক আর মাইনু মারমা, সাবিনা খাতুন ও মুনমুন আখতারের গোলে আফগানিস্তানকে ৬-১ ব্যবধানে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের জিন্নাহ জাতীয় স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচটিতে শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল বাংলাদেশের মেয়েরা।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর আশা নিয়ে পাকিস্তান যাওয়া বাংলাদেশের জালে ২৩তম মিনিটে গোল দেয় আফগানিস্তান।
১১ মিনিট পর বাংলাদেশকে সমতায় ফেরান মাইনু। ৩৬তম মিনিটে ব্যবধান ২-১ করেন কৃষ্ণা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পান কৃষ্ণা। ৬২তম মিনিটে ব্যবধান ৪-১ করেন সাবিনা। আর ৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা।
আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মুনমুন।
