বেনজেমার বের্নাবেউ জয়
রিয়াল মাদ্রিদে অনেক চড়াই-উতরাই পেরিয়েছেন করিম বেনজেমা। অবশেষে মনে হচ্ছে সান্তিয়াগো বের্নাবেউয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে গোল করে দলকে জেতানোর পর সমর্থকদের কাছ থেকে পেলেন বিশেষ সম্মান।
নিজেদের মাঠে মঙ্গলবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ২ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করে দলের জয়ের নায়ক বেনজেমা।
মঙ্গলবার ম্যাচের শেষ দিকে বেনজেমাকে মাঠ থেকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। এ সময় তাকে উঠে দাঁড়িয়ে সম্মান জানায় দর্শকরা।
এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচে বেনজেমার এটি পঞ্চম গোল। সব মিলিয়ে ৬৮ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স লিগে ৪১ গোল পেলেন তিনি। ইউরোপ সেরা এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোল করা ১০ খেলোয়াড়ের মধ্যে আছেন বেনজেমা। আর সবচেয়ে বেশি গড়ে গোল করার দিক থেকে আছেন চতুর্থ স্থানে।
ম্যাচ প্রতি ০.৬০ গোল করা বেনজেমার আগে আছেন শুধু লিওনেল মেসি (০.৭৭), রুড ফন নিস্টলরয় (০.৭৬) ও ক্রিস্তিয়ানো রোনালদো (০.৬৬)।
ম্যাচ শেষে আনচেলত্তিও বেনজেমাকে প্রশংসায় ভাসান।
“আমার মনে হয়, সে খুব ভালো সময় কাটাচ্ছে। আমি জানি না, এটাই তার সেরা সময় কিনা। আমার মনে হয়, আমি এখানে আসার পর এটাই তার সেরা সময়। সে আমাদের জন্য একজন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”
