রোমা ম্যাচে নকআউটে চোখ বায়ার্নের
চ্যাম্পিয়ন্স লিগে গত মাসে রোমাকে ৭-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রতিপক্ষের মাঠে নিজেদের সবচেয়ে বড় জয়টি পেয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার নিজেদের ডেরায় ইতালির ক্লাবটিকে আবার বড় ব্যবধানে হারানোর লক্ষ্য নিশ্চয়ই থাকবে জার্মান চ্যাম্পিয়নদের।
এছাড়া রোমার বিপক্ষে ম্যাচটি জিতলেই দুই ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ডে উঠবে বায়ার্ন। বুধবার আলিয়াঞ্জ আরেনায় বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ম্যাচ শুরু হওয়ার আগে তাই অনুপ্রেরণার ঘাটতি নেই পেপ গার্দিওয়ার দলের।
৩ ম্যাচ থেকে পুরো ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে বায়ার্ন। মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছে কোনো ম্যাচ না হারা জার্মানির দলটি। এ মৌসুমে বুন্দেসলিগা, জার্মান কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ১৫ ম্যাচের ১২টিতেই জিতেছে তারা। বাকি তিনটি ম্যাচ করেছে ড্র।
