নেইমারের কাছে আরো চান দুঙ্গা
নেইমারের প্রতিপক্ষদের জন্য ভয় ধরানো এক কথাই বলেছেন ব্রাজিলের কোচ দুঙ্গা। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে বার্সেলোনা তারকার করা চার গোলের পর তার প্রশংসা করতে গিয়ে দুঙ্গা বলেন, নেইমারের দেয়ার মতো আরো অনেক কিছুই আছে।
সিঙ্গাপুরে মঙ্গলবার জাপানকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। অসাধারণ গতি আর পায়ের অনিন্দ্যসুন্দর কারুকার্যে ফুটবল বিশ্বকে মোহিত করেন নেইমার। ব্রাজিল অধিনায়ক একাই দলের সবকটি গোল করেন। এক কথায় তিনি ছিলেন অদম্য।
প্রশংসা করতে কৃপণ দুঙ্গাও ম্যাচ শেষে দলের সেরা তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন। তবে এটা নেইমারের মাত্র শুরু বলেই মনে করেন তিনি।
“আমরা তাকে বলেছি, উন্নতি করার মতো এখনো তার অনেক জায়গাই আছে। ওর যে সৃষ্টিশীলতা আছে তা দিয়ে প্রতি ম্যাচেই ভিন্ন কিছু করতে পারে।”
শুধু গোল করেই নয়, দুই পায়ের জাদু-স্পর্শে নেইমার মুগ্ধ করেন সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৫১ হাজার দর্শককে।
দিয়েগো তারদেলির পাস থেকে পাওয়া প্রথম গোলটিতেও অসাধারণ দক্ষতার ছাপ রাখেন নেইমার। দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে জাপানের গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান তিনি।
কোতিনিয়োর পাস থেকে দ্বিতীয় গোলটি করার আগে অফসাইডের ফাঁদ ভেঙেছেন জাদুকরের মতোই।
হ্যাটট্রিক গোলটিতে মিশে ছিল সুযোগ-সন্ধানি এক ফরোয়ার্ডের চাতুর্য। কাকার হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে নেয়া কোতিনিয়োর শট ফিরিয়ে দেন জাপানের গোলরক্ষক। তবে বল এসে পড়ে নেইমারের পায়ে। ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান তিনি।
চতুর্থ গোলে নেইমার প্রমাণ দেন, বাতাসেও তিনি কম দক্ষ নন। কাকার ক্রসে মাথা ছুঁয়ে এই গোলটি করেন তিনি।
এই চারটি গোলের বাইরেও পুরো ম্যাচ জুড়েই পায়ের জাদুতে জাপানের রক্ষণভাগ ছিন্ন-ভিন্ন করে ফেলেন নেইমার।
এতকিছুর পরও নেইমারের উন্নতির জায়গা দেখছেন দুঙ্গা। তবে ২২ বছর বয়সী তারকার নেতৃত্বগুণে কোনো ঘাটতি দেখছেন না ব্রাজিলকে অধিনায়ক হিসেবে ১৯৯৪ বিশ্বকাপ জেতানো সাবেক এই মিডফিল্ডার।
“সে এখন অধিনায়ক বলে ব্রাজিল দলে তার দায়িত্ব আর মর্যাদা বেশি। সে এতে ভালো সাড়া দিয়েছে। মনে হচ্ছে, সে যেন বন্ধুদের সঙ্গে খেলছে। আমরা চাই, সে আরো ভালো খেলুক।”
দুঙ্গা এই ম্যাচে নেইমারের পজিশন নিয়েও একটু পরীক্ষা-নিরীক্ষা করেন; তাকে খেলান অনেকটা স্ট্রাইকার হিসেবে। এই পজিশনেও যে নেইমার সফল, জাপানের বিপক্ষে ম্যাচে যেন সেটাই প্রমাণ করলেন তিনি।
জাপানের বিপক্ষে দল নিয়েও পরীক্ষা করেন দুঙ্গা। একটা পর্যায়ে নেইমারকে আরো স্বাধীনতা দিয়ে কোনো স্ট্রাইকার ছাড়াই খেলে ব্রাজিল। এটা ভালো কাজে লেগেছে বল খুশি দুঙ্গা।
“দ্বিতীয়ার্ধে আমি দেখতে চেয়েছি, স্ট্রাইকার ছাড়া আমরা কেমন খেলি। আমি বিভিন্ন জিনিস চেষ্টা করে দেখতে পছন্দ করি, মনে হচ্ছে এই দলটির সঙ্গে সব ফর্মেশনই মানিয়ে গেছে।”
