২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেবেতোকে ছাড়িয়ে পেলের দিকে নেইমার

পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনিয়ো...এরপর কে? সান্তোসে ‘ছোট্ট’ নেইমারকে দেখে একবাক্যে সবাই বলেছিলেন-এরপর নেইমার। ব্রাজিলের মানুষের এই আশা আর স্বপ্নকেও ছাপিয়ে যাচ্ছেন তিনি। গোল করার দিক থেকে বেবেতোকে ছাড়িয়ে এখন তিনি রোমারিও, রোনালদো আর পেলের দিকে ছুটছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 01:43 PM

Updated : 11 Jul 2022, 09:20 PM

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার জাপানকে প্রীতি ম্যাচে ৪-০ গোলে হারায় ব্রাজিল। দলের চারটি গোলই করেন নেইমার।

জাপানের বিপক্ষে এই চার গোলের পর ব্রাজিলের হয়ে ৫৮ ম্যাচ খেলা নেইমারের গোলসংখ্যা ৪০-এ দাঁড়াল। আর এতে সাবেক স্ট্রাইকার বেবেতোকে ছাড়িয়ে গেলেন তিনি। ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জেতা বেবেতো জাতীয় দলের হয়ে করেন ৩৯ গোল।

মাত্র ২২ বছর বয়স নেইমারের। এই বয়সেই ব্রাজিলের হয়ে ৪০ গোল করে ফেলা নেইমারকে হাতছানি দিচ্ছে পেলের রেকর্ড। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করার (৭৭) রেকর্ডটি এখন এই কিংবদন্তিরই অধিকারে।

পেলের পরই আছেন ‘দ্য ফেনোমেনন’ রোনালদো। ৬২ গোল তার। আর তিন নম্বরে থাকা রোমারিওর গোল ৫৫টি। চতুর্থ স্থানে থাকা জিকোকে ধরতে নেইমারের চাই আর ৮ গোল।

এই রেকর্ড নিয়ে অবশ্য ভাবেন না নেইমার। তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়ই বড়।

“আমি গোল করার চেষ্টা করি। তবে তা ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সতীর্থদের সাহায্য করতে এবং সার্বিকভাবে ব্রাজিল দলের জন্য।”

দলকে সাহায্য করতে গিয়ে যে সাফল্য পাচ্ছেন, তা নিয়ে অবশ্য শিহরিত নেইমার।

“দারুণ অনুভূতি এটা। আমি নিজেও আমার সীমা জানি না। … আমি খুব খুশি এবং ঈশ্বরকে ধন্যবাদ।”

পুরনো খবর:

নেইমারে বিধ্বস্ত জাপান