হতাশ মেসির কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
একেতো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হার, তার ওপর আবার পেনাল্টি থেকে গোল না করতে পারার কষ্ট। তবে সব হতাশা দূরে ঠেলে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন লিওনেল মেসি।
আজেন্টিনার এই তারকার আশা, নতুন কোচ জেরার্দো মার্তিনোর কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারলেই সাফল্যের পথে চলতে শুরু করবে তারা।
গত শনিবার বেইজিংয়ের বার্ডস নেস্ট নামে পরিচিত অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গোল দুটি করেন ফরোয়ার্ড দিয়েগো তারদেলি।
অবশ্য বার্সেলোনার তারকা মেসি মনে করেন, প্রথমার্ধের শেষ দিকে তিনি পেনাল্টি থেকে গোল করতে পারলে ম্যাচের ফল অন্য রকমও হতে পারতো। টানা চারবারের বর্ষসেরা মেসির মতে, দুটি ভুলের কারণেই ম্যাচ তাদের হাত ফসকে গেছে।
“প্রথমত বল বিপদমুক্ত করতে না পারা, যার ফলে আমরা একটা গোল খেয়েছি। তারপর আমি পেনাল্টি থেকে গোল করতে পারিনি। যদি আমি গোল করতে পারতাম তাহলে এটা ভিন্ন একটা ম্যাচ হতে পারতো।”
ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখার কাজটা মেসি-আনহেল দি মারিয়ারা ভালোভাবেই করছিলেন। কিন্তু ২৮তম মিনিটে মিরান্দার ক্রস আর্জেন্টিনার ফেদরিকো ফের্নান্দেস হেড করে বিপদমুক্ত করতে গিয়ে বল দেন ডি বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা তারদেলিকে। তা থেকেই ব্রাজিলকে এগিয়ে দেন তারদেলি।
তাই লড়াইটা প্রীতি ম্যাচ হলেও হতাশা পিছু ছাড়ছে না মেসিকে। কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়ের মতোই এখান থেকেই ঘুরে দাঁড়ানোর আশার কথা শোনালেন ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি।
“(আমাদের) দলে এখন ভিন্ন পরিকল্পনা নিয়ে নতুন একজন কোচ আছেন- তিনি নতুন কিছু চেষ্টা করছেন আর তাতে সময় লাগবে। তিনি যা চাচ্ছেন তা দল একটু একটু করে পাবে।”
গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার দায়িত্ব ছেড়ে দেয়া কোচ আলেহান্দ্রো সাবেইয়ার জায়গায় দায়িত্ব নেন মার্তিনো। বার্সেলোনার সাবেক এই কোচের অধীনে আর্জেন্টিনার এটা প্রথম হার।
অন্যদিকে, দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেয়া কোচ দুঙ্গার অধীনে নেইমারদের এটা টানা তৃতীয় জয়।
