খেলার মাঝে সুয়ারেসের টয়লেট বিরতি!
উরুগুয়ের জার্সিতে আবার মাঠে নামলেও একটু অস্বস্তিতে পড়েছিলেন লুইস সুয়ারেস। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ চলাকালে প্রকৃতির ডাকে সাড়াও দিতে রেফারির অনুমতি নিয়ে মাঠের বাইরে যেতে হয় উরুগুয়ের এই স্ট্রাইকারকে।
শুক্রবার রাতে সৌদি আরবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে নামে উরুগুয়ে। ম্যাচের মাঝামাঝি সময়ে প্রকৃতির ডাক অনুভব করেন সুয়ারেস। কি আর করা; রেফারির কাছ থেকে অনুমতি নিয়ে বার্সেলোনা তারকা ছুটলেন টয়লেটের দিকে।
প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সুয়ারেস মাঠে ফিরলেও তাকে আর বেশিক্ষণ খেলাননি উরুগুয়ে কোচ। ৭০তম মিনিটে সুয়ারেসকে তুলে নেন অস্কার তাবারেস।
প্রীতি ম্যাচে হলেও উরুগুয়ের জার্সিতে ফেরার আনন্দের কথা জানিয়েছেন সুয়ারেস।
“উরুগুয়ের জার্সি ফের পরতে পেরে আমি খুশি। এটা আমাকে অনেক আনন্দ দেয়। আপনি কখনোই দেশের জার্সির প্রতি ভালোবাসা হারাবেন না।”
অবশ্য প্রীতি ম্যাচে দলকে জয় এনে দিতে পারেননি সুয়ারেস। ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি। সোমবার ওমানের সঙ্গে পরের প্রীতি ম্যাচটি খেলবে উরুগুয়ে।
