২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার পক্ষে বার্সা

লা লিগা থেকে বাদ পড়ার ঝুঁকি নিয়েই কাতালুনিয়ার স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের পক্ষের জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে লা লিগার অন্যতম সফল ক্লাব বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 09:23 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

শুক্রবার বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ গনভোট আয়োজনের পক্ষে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন।

স্বাধীনতার পক্ষে গণভোট আয়োজনের দাবিতে তিন হাজারেরও বেশি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংস্থা একজোট হয়েছে।

বার্সেলোনার ফুটবলার চাভি ও জেরার্দ পিকে এরই মধ্যে স্বাধীনতাকামীদের পক্ষে সমর্থন দিয়েছেন। গত মাসে স্বাধীনতার পক্ষে গণভোটের দাবিতে হওয়া সভায় যোগ দেন তারা।

গণভোটে কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে বার্সেলোনার লা লিগায় খেলার পথ বন্ধ হয়ে যেতে পারে।

বার্সেলোনায় এক অনুষ্ঠানে লা লিগার প্রধান হাভিয়ের তেবাস এর আগে জানিয়েছিলেন, আইনে বলা আছে, স্পেনের এলাকার বাইরে কেবল অ্যান্ডোরাই কেবল স্পেনের ফুটবল লিগে অংশ নিতে পারবে।

আগামী ৯ নভেম্বর স্বাধীনতার প্রশ্নে গণভোট হতে পারে কাতালুনিয়াতে, যার রাজধানী বার্সেলোনা স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর। গণভোট হবে কিনা তা নিয়ে কাতালুনিয়া সরকার সিদ্ধান্ত নেবে ১৫ অক্টোবর।