২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবসময় রিয়ালেই থাকবেন রোনালদো

ক্রিস্তিয়ানোর রোনালদোর হৃদয়ের বড় একটা অংশ জুড়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তার এজেন্ট জর্জে মেন্দেস জানিয়েছেন, পর্তুগিজ তারকা ক্লাব ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 06:21 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

মেন্দেসের ধারণা সত্যি হলে, হতাশ হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা। রোনালদোর তবে আর ‘ঘরে’ ফেরা হবে না। বেশ কিছুদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোকে ফেরানোর জন্য চেষ্টা করছে একদল পাড় সমর্থক।

সান্তিয়াগো বার্নাবেউতে রোনালদো ‘সুখে আছেন’ উল্লেখ করে তার এজেন্ট বলেন, “যখন তার বয়স চল্লিশ হবে, তখন সে মাদ্রিদের হয়েই ক্লাব ফুটবলকে বিদায় বলবে। মাদ্রিদে সে সুখেই আছে। কোনো লোভ দেখিয়ে রোনালদোকে মাদ্রিদ থেকে অন্য কোথাও নেওয়া অসম্ভব।”

“ম্যানচেস্টার ইউনাইটেড সবসবময় তার হৃদয়ে থাকবে। কেননা সেখানে সে ছয়টি বছর কাটিয়েছে। কিন্তু এখন রোনালদো শুধু মাদ্রিদ নিয়ে ভাবছে এবং এখানেই থাকতে চায়”, যোগ করেন মেন্দেস।

চলতি মৌসুমে লা লিগার ৬ ম্যাচে ১৩ গোল করেছেন রোনালদো। গত মৌসুমে ভেঙেছেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার রের্ক্ড। লা লিগার সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটিও ছুঁয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা। আরো অনেক রেকর্ডের হাতছানি আছে রোনালদোর সামনে।

মেন্দেসের মনে হচ্ছে সব রেকর্ড নিজের করে নেয়ার পরই থামবেন রোনালদো এবং এ সবকিছুই তিনি স্পেনের সফলতম ক্লাবটির হয়ে করতে চান।

“সে রিয়ালে সুখে আছে এবং এখানে সে সবসময়ই সুখী। সে সব রেকর্ড ভাঙবে এবং তারপর রিয়ালের হয়ে অবসর নেবে।”

“সে দিনকে দিন আরো উন্নতি করছে এবং চল্লিশ বছর বয়স না হওয়া পর্যন্ত সে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখবে। আপনি কারো সঙ্গে রোনালদোর তুলনা করতে পারেন না। আগামী পাঁচশ বছরে তার মতো ফুটবলার হবে না।”