অসিমের বীরত্বে বাংলাদেশের জয়
শ্রীলঙ্কাকে হারিয়ে হকি ওয়ার্ল্ড লিগের প্রথম পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ। গোলরক্ষক অসিম গোপের শেষ মুহূর্তের বীরত্বে ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা।
শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পায় অতিথিরা। তিন-তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করতে না পারা শ্রীলঙ্কা শেষ বাঁশি বাজার আগে পেনাল্টিও পায়। কিন্তু লাহিরু উইরাসুরিয়ার পেনাল্টি স্ট্রোক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন বাংলাদেশ গোলকিপার অসিম।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় অসিম বলেন, “শেষ দিকে আমার উপর দায়িত্ব এসে পড়েছিল। বুঝতে পারছিলাম কিছু একটা করতে হবে। ওর (লাহিরু) পদক্ষেপ দেখে বুঝতে পারছিলাম কোন দিকে শট নেবে। পেনাল্টি ঠেকিয়ে কাজটি করতে পেরেছি। খুব ভালো লাগছে।”,
বাংলাদেশের তিন গোলদাতা হাসান জুবায়ের নিলয়, কুষ্ণ কুমার দাস ও খোরশেদুর রহমান। শ্রীলঙ্কার পক্ষে দুই গোল করেন প্রিয়লঙ্কা সাদারুয়ান।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবারের খেলায় প্রথম অর্ধে ছন্দময় হকি খেলে নাভিদ আলমের ছাত্ররা। চতুর্থ মিনিটেই গোল তুলে নেয় স্বাগতিকরা। ইরফানুল হকের
হিটে আলতো টাচ করে শ্রীলঙ্কার জালে বল জড়িয়ে দেন জুবায়ের। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
১৩তম মিনিটে প্রিয়লঙ্কার গোলে সমতায় ফেরে শ্রীলঙ্কা।
বাংলাদেশকে আবার দ্বিতীয় দফায় এগিয়ে দেন কৃষ্ণ; নিখুঁত পেনাল্টি স্ট্রোকে গোল তুলে নেন তিনি। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল পায় বাংলাদেশ। কৃষ্ণর হিটে সরোয়ার হোসেনের স্টপ থেকে গোল তুলে নেন খোরশেদ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অগোছালো খেলার সুযোগ নিয়ে শ্রীলঙ্কা ম্যাচে ফেরে। প্রিয়লঙ্কা গোল করলে ব্যবধান নেমে আসে ৩-২ ব্যবধানে। তবে শেষ মুহূর্তে অসিম পেনাল্টি ঠেকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন
বাংলাদেশ আগামী রোববার দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে। মাওলানা ভাসানী স্টেডিয়ামেই হবে ম্যাচটি।
হকি ওয়ার্ল্ড লিগের প্রথম পর্বে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা ও হংকং। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়নরা উঠবে দ্বিতীয় পর্বে। গত আসরে প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
