ব্রাজিলের অধিনায়ক নেইমার
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক থাকবেন নেইমার। দেশটির নতুন কোচ দুঙ্গা বিশ্বকাপের পর প্রথম ম্যাচে দলের দায়িত্ব সেরা খেলোয়াড়ের হাতেই তুলে দিয়েছেন।
মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচটি হবে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায়।
এই ম্যাচে ব্রাজিল দলে নেই বিশ্বকাপের অধিনায়ক চিয়াগো সিলভা। তার জায়গাটাই নিতে হচ্ছে নেইমারকে।
মাত্র ২২ বছর বয়সে এই গুরুদায়িত্ব নেইমার পালন করতে পারবেন কিনা প্রশ্নে দুঙ্গা তার বিশ্বাসের কথা বলেন।
“নেইমার এটাতে ভালো করেই সাড়া দিয়েছে। সে এমন একজন খেলোয়াড় যে চ্যালেঞ্জ আর জয় পছন্দ করে। বিষয়টি প্রথম উত্থাপনের সময় আমরা তার সঙ্গে কথা বলেছি এবং আমরা কী চাই সেটা তাকে বলেছি।”
নেইমারকে অধিনায়ক হিসেবে বেছে নেয়ার কারণও বলেন দুঙ্গা।
“অনেক মানসম্পন্ন একজন খেলোয়াড় সে, বয়সের তুলনায় সে অভিজ্ঞ। অন্যদের জন্য মানটা অধিনায়ককেই নির্নয় করে দিতে হয়।”
