নাটকীয় জয়ে শুরু আর্সেনালের
যোগ করা সময়ে অ্যারন রামজের সুযোগ সন্ধানী গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে তারা।
শনিবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রেদে হাঙ্গেরলান্দের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। প্রথমার্ধের শেষ সময়ে লরেন্ত কোসাইনলির গোলে সমতা ফেরায় আর্সেন ভেঙ্গারের শিষ্যরা। আর যোগ করা সময়ে রামজের লক্ষ্যভেদ পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো নিজেদের উদ্বোধনী ম্যাচে আর্সেনালকে তিন পয়েন্ট এনে দেয়।
গত সপ্তাহেই ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কমিউনিটি শিল্ড জেতা আর্সেনালের আক্রমণ সামলাতেই পুরোটা সময় ব্যস্ত থাকতে হয় ক্রিস্টাল প্যালেসকে।
খেলার ধারার বিপরীতে হাঙ্গেরলান্দের গোলে ৩৫তম মিনিটে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস।
প্রথমার্ধের শেষ মিনিটে কোসাইনলির হেডে সমতা ফেরায় আর্সেনাল। বার্সেলোনা থেকে যোগ দেয়া আলেক্সিস সানচেসের ফ্রি-কিক থেকে বল জালে জড়ান এই ডিফেন্ডার।
