প্রথমবারের মতো বার্সার অনুশীলনে সুয়ারেস
বার্সেলোনায় যোগ দেয়ার এক মাসেরও বেশি সময় অপেক্ষার পর নতুন ক্লাব সতীর্থদের সঙ্গে অনুশীলন করলেন লুইস সুয়ারেস। শুক্রবার বার্সার জার্সিতে প্রথম অনুশীলন করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
শুক্রবার সকালের অনুশীলনে সুয়ারেসের সঙ্গে জেরার্দ পিকে, আন্দ্রেস ইনিয়েস্তারা ছাড়াও ছিলেন চাভি এরনান্দেস ও মার্ক বারত্রা। এছাড়া নেইমারও পুরো সময় অনুশীলন করেন। যদিও বিশ্বকাপের সময় কশেরুকায় চোট পাওয়া ব্রাজিলের ওই তারকাকে এখনও ছাড়পত্র দেয়নি দলের চিকিৎসকরা।
তবে এই অনুশীলন পর্বে সবার মাঝে সুয়ারেসের উপরই আলোটা বেশি ছিল।
গণমাধ্যমের খবর অনুযায়ী প্রায় ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে গত মাসের মাঝামাঝি সময়ে বার্সেলোনায় যোগ দেন ২৭ বছর বয়সী এই তারকা। কিন্তু ফিফার দেয়া শাস্তির কারণে এতদিন নতুন দলের হয়ে অনুশীলন বা খেলা কিছুই করতে পারেননি সুয়ারেস।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ায় সুয়ারেসকে যেকোনো ধরণের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ করে ফিফা।
ওই শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে সুয়ারেস আপিল করলেও শাস্তি কমায়নি সংস্থাটি। তবে বৃহস্পতিবার দেয়া রায়ে বার্সেলোনার হয়ে অনুশীলন করার অনুমতি মেলে।
আগামী সোমবার ক্যাম্প নউয়ের খেলোয়াড় হিসেবে লিভারপুলের সাবেক এই খেলোয়াড়কে পরিচয় করিয়ে দেবে বার্সেলোনা।
