এবার সাংবাদিককে মারাদোনার চড়
বিতর্ক দিয়েগো মারাদোনার নিত্য সঙ্গী। তারই ধারাবাহিকতায় নতুন বিতর্কের জন্ম দিলেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। এবার সাংবাদিককে চড় মেরে খবরে এসেছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচ।
শনিবার আর্জেন্টিনার এক থিয়েটার থেকে মারাদোনা তার ছেলে দিয়েগো ফের্নান্দোর মা ভেরোনিকা ওজেদাকে নিয়ে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গাড়িতে গিয়েও বসেন মারাদোনা। একটু পরই আবার গাড়ি থেকে বের হয়ে আসেন তিনি। এরপর এক সাংবাদিককে চড় মারেন।
আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের দাবি, ওই সাংবাদিক নাকি ওজেদাকে চোখ দিয়ে ইশারা করেন।
মারাদোনা পরে বলেন, "আমি যদি আপনার সঙ্গে ঝামেলা না করি তাহলে আপনি কেন আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা করবেন?"
এর আগে কখনো সমর্থককে লাথি মেরে, কখনো আবার সাংবাদিকদের পাথর ছুড়ে মেরে বিতর্কের জন্ম দেন মারাদোনা।
