২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে লিগ শেষ শেখ জামালের

শিরোপা জয়ের উৎসব আগেই করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে লিগের শেষটাও দারুণ হলো তাদের। শেখ জামালের দুটি গোলই করেছেন ওয়েডসন এনসেলমে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2014, 09:54 PM

Updated : 22 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ও শেখ রাসেলের ম্যাচটি ৮৬তম মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল।

৮৭তম মিনিটে ওয়েডসনের জোড়ালো শট শেখ রাসেল মিডফিল্ডার জুয়েল রানার পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢোকে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ক্ষিপ্র গতির এই ফরোয়ার্ড। এবার ডানদিক থেকে তার তীব্র গতির ভলি শেখ রাসেল গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে পরাস্ত করে।

এ মৌসুমে লিগে ওয়েডসনের গোল সংখ্যা ২৬ হলো। এবারের লিগের সর্বোচ্চ গোলদাতা তিনিই। ২১ গোল নিয়ে ক্লাব সতীর্থ এমেকা ডারলিংটন আছেন তালিকার দ্বিতীয় স্থানে। ১৭ গোল করে তৃতীয় স্থানে মুক্তিযোদ্ধা সংসদের নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকুচা কিংসলে।

এই জয়ে শেখ জামালের পয়েন্ট দাঁড়াল ৬৪। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। তৃতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ৪৬।

এর পরই আছে মোহামেডান (৪২ পয়েন্ট) এবং ব্রাদার্স ইউনিয়ন (৩৮ পয়েন্ট)। আর ২৭ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট পাওয়া শেখ রাসেল লিগ শেষ করল ষষ্ঠ স্থানে থেকে।