ফন গালের প্রশংসায় মরিনিয়ো
জোসে মরিনিয়ো, লুইস ফন গাল- চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কোচ। ডাগআউটে পুরনো বন্ধু আবার পুরনো শত্রুও। তবে পুরনো শত্রুতা ভুলে ইউনাইটেডের নতুন কোচ ফন গালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন মরিনিয়ো। তার মতে, ফন গাল অসাধারণ কোচ। ডাচ এই কোচের বিপক্ষে মাঠে নামার জন্য অধীর আগ্রহের কথাও জানালেন পর্তুগালের মরিনিয়ো।
সানডে মেইলকে মরিনিয়ো বলেন, “তিনি এখানে (ইংলিশ প্রিমিয়ার লিগে) আসায় আমি চিন্তিত নই। ইউনাইটেডের বিপক্ষে খেলতে আমি মুখিয়ে আছি। সংবাদ সম্মেলনে তাকে আমি দেখেছি এবং আগের মতোই তিনি খাঁটি ফন গাল আছেন- সৎ ও মন খোলা।"
ফন গালের প্রশংসায় মরিনিয়ো আরো বলেন, “এই মানুষটাকে আমি অনেক শ্রদ্ধা করি। সে এখন ক্যারিয়ারের সেরা সময়ে আছে। কোচিংয়ে আপনি যদি হার এবং জয়টাকে সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনার উন্নতি হবেই। সব ধরণের অভিজ্ঞতায় সে পর্যালোচনা করে। দিন দিন সে আরো ভালো হয়ে উঠেছে।"
১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে কাজ করেন তারা। সেসময় স্পেনের দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন ফন গাল। আর তার সহকারীর ভূমিকায় ছিলেন মরিনিয়ো। ক্যাম্প নউয়ের দলটির হয়ে দুটি লা লিগাসহ মোট চারটি শিরোপা জেতেন তারা।
২০০৯-১০ মৌসুমে প্রতিপক্ষের ডাগআউটে দেখা মেলে তাদের, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। সেবার ফন গালের বায়ার্ন মিউনিখকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে মরিনিয়োর ইন্টার মিলান। নতুন দায়িত্বে ইউনাইটেডকে আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করতে মরিনিয়োকে অবশ্যই হারাতে হবে ফন গালের।
