২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল লিগে শেখ জামাল চ্যাম্পিয়ন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করতে শেষ তিন রাউন্ডে এক পয়েন্ট হলেই চলতো শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। তবে ড্র নয়, ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা উদযাপন করলো শেখ জামাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 10:00 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ধানমণ্ডির ক্লাবটি ১-০ গোলে ঢাকা আবাহনীকে হারায়। দীর্ঘ চার বছর পর আবার শিরোপা জিতলো শেখ জামাল।

এই ম্যাচে শেখ জামালের জয়ের নায়ক ওয়েডসন আনসেলমে। ৭১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ শটে জয়সূচক গোলটি করেন হাইতির এই ফরোয়ার্ড। লিগে এটা তার ২২তম গোল। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও তিনি।

২১ গোল করে দ্বিতীয় স্থানে আছেন তারই সতীর্থ নাইজেরিয়ার স্ট্রাইকার এমেকা ডার্লিংটন।

২৫ ম্যাচ খেলে শিরোপা নিশ্চিত হওয়া শেখা জামালের পয়েন্ট ৫৮। সমান ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ৪৬ পয়েন্ট।

তাই শীর্ষে থাকা শেখ জামাল বাকি দুই ম্যাচ হারলে এবং দ্বিতীয় স্থানে থাকা আবাহনী পরের দুই ম্যাচ জিতলেও শীর্ষস্থানে কোনো পরিবর্তন হবে না।

এর আগে ২০১০ সালে প্রথমবার প্রিমিয়ার লিগ খেলতে এসেই শিরোপা জিতেছিল শেখ জামাল।