সিডর্ফের জায়গায় ইনজাগি
ক্লেরেন্স সিডর্ফকে বরখাস্ত করে তার জায়গায় ফিলিপ্পো ইনজাগিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসি মিলান। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক স্ট্রাইকার ইনজাগি।
সোমবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্লাবটি।
সাতবারের ইউরোপ সেরার শিরোপা জেতা ক্লাবটি ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব দিয়েছে ইনজাগিকে।
গত দুই বছর এসি মিলানের যুব দলের কোচের দায়িত্বে ছিলেন ইতালির সাবেক এই স্ট্রাইকার।
২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে মিলানের জার্সিতে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও সেরি আসহ মোট ১০টি শিরোপা জিতেছেন ইনজাগি। খেলোয়াড়ি জীবন শেষে মিলান যুব দলের দায়িত্ব নেন ইনজাগি।
ইতালির দলটির কোচের দায়িত্ব নেয়ার পাঁচ মাসেরও কম সময়ে চাকরি হারালেন নেদারল্যান্ডসের সিডর্ফ। তার অধীনে ইতালির শীর্ষ লিগ সেরি আয় ১৯ ম্যাচে খেলে ১১টি জেতে মিলান। অষ্টম স্থানে থেকে লিগ শেষ করে দলটি।
