কুইন্স কাপে তৃতীয় সিদ্দিকুর
থ্যাইল্যান্ডের কুইন্স কাপে আগের দিনের সাফল্য চতুর্থ বা শেষ রাউন্ডে ধরে রাখতে পারলেন না সিদ্দিকুর রহমান। শেষ দিনে পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা গলফার।
চার রাউন্ড মিলে পারের চেয়ে ১০ শট কম খেলেছেন সিদ্দিকুর। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১১ শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।
তৃতীয় রাউন্ডে সাতটি ‘বার্ডি’ (কোনো হোলে পারের চেয়ে এক শট কম) করলেও রোববার শেষ রাউন্ডে মাত্র একটি ‘বার্ডি’ করেন সিদ্দিকুর। দুইটি ‘বোগি’ও (পারের চেয়ে এক শট বেশি) করে পিছিয়ে যান তিনি।
থাইল্যান্ডের সামুই দ্বীপের সান্তিবুরি সামুই কান্ট্রি ক্লাবে এই প্রতিযোগিতা থেকে সিদ্দিকুর আয় করেছেন ১৬ হাজার ৯৫০ মার্কিন ডলার।
বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেনও শেষ দিনে ভালো খেলতে পারেননি। চার রাউন্ড মিলে পারের চেয়ে ৬ শট বেশি খেলে যৌথভাবে ৪৭তম হয়েছেন তিনি। শেষ রাউন্ডে পারের চেয়ে ৪ শট বেশি খেলেন তিনি।
এখান থেকে জামাল আয় করেছেন ১ হাজার ৫৯৭.৫ ডলার।
পারের চেয়ে ১২ শট কম খেলে চ্যাম্পিয়ন হওয়া থাওর্ন ভিরাতচান্ত পেয়েছেন ৫৪ হাজার ডলার।
