২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরেছেন রোনালদো

পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন একটু যেন ফিকে হয়ে এসেছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর অনুশীলনে ফেরার খবরে তা আবার চাঙ্গা হয়ে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 11:43 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

হাঁটুর চোটে ভুগতে থাকা রোনালদোকে ঘিরে শঙ্কা দেখা দিয়েছিল, ১৬ জুন ‘জি’ গ্রুপে জার্মানির বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে নাও খেলা হতে পারে তার। পর্তুগালের পরের দুটি ম্যাচ ঘানা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

শনিবার অবশ্য পর্তুগালের ফুটবল অ্যাসোসিয়েশন (এফপিএফ) সমর্থকদের দারুণ এক খবরই দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে তারা জানিয়েছে, “ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল মেইরেলেস বাকি সব খেলোয়াড়দের সঙ্গে যোগ দিয়েছেন।”

শনিবার দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে এই দুজন।
রোনালদোর সঙ্গে এতদিন আলাদাভাবে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে ছিলেন পেশির চোটে ভোগা মেইরেলেস ও পেপে।

ডিফেন্ডার পেপে এখনো চোট থেকে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানায় এফপিএফ।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য এরই মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলেছে পর্তুগাল। এর কোনোটিতেই খেলতে পারেননি রোনালদো। মঙ্গলবার নিউ জার্সিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে রোনালদো খেলবেন কিনা, সে ব্যাপারে কিছু জানায়নি এফপিএফ।