২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন শারাপোভা

ফরাসি ওপেনে নিজের দ্বিতীয় শিরোপা জিতলেন মারিয়া শারাপোভা। রাশিয়ার এই মেয়ে ফাইনালে রোমানিয়ার সিমোনা হালেপকে ৬-৪, ৬-৭, ৬-৪ গেমে হারিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 10:55 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

সপ্তম বাছাই শারাপোভার এটি পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগে তিনি উইম্বলডন, ইউএস ওপেন, অস্ট্রেলয়ান ওপেন ও ফরাসি ওপেনের একটি করে শিরোপা জেতেন।

শারাপোভার কাছে অবশ্য সহজে হার মানেননি হালেপ। ২০০১ সালের পর এবারই প্রথম ফরাসি ওপেনে মহিলা এককে তৃতীয় সেটে যাওয়া ফাইনাল উপহার দেন তিনি।

১৯৯৬ সালের পর প্যারিসে মহিলা এককের সবচেয়ে লম্বা ফাইনালও হয়ে গেছে এটি। হালেপকে হারাতে ৩ ঘণ্টা ২ মিনিট সময় নিয়েছেন শারাপোভা।

শারাপোভাও নিজের খেলা সবচেয়ে কঠিন গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের আখ্যা দিয়েছেন ম্যাচটিকে।