ক্রোয়েশিয়া: ফিরবে সোনালী অতীত?
বিশ্ব মানচিত্রে ক্রোয়েশিয়ার আবির্ভাব ১৯৯১ সালে। এর ঠিক সাত বছর পর বিশ্ব ফুটবল মানচিত্র কাঁপিয়ে জায়গা করে নেয় তারা। বিশ্বকাপ অভিষেকেই যে ১৯৯৮ সালে সেমি-ফাইনালে উঠে যায় ইউরোপের দেশটি! ১৯৬৬ সালের ইউসেবিওর পর্তুগাল ছাড়া যে কীর্তি নেই আর কারো।
শুরুতে মানদণ্ডটা এতো উঁচিয়ে নিয়ে যাওয়া ক্রোয়েশিয়া অবশ্য ধারাটি ধরে রাখতে পারেনি। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে খেলেছে ঠিকই, কিন্তু পেরোতে পারেনি গ্রুপ পর্ব। আর ২০১০ বিশ্বকাপে তো বাছাইপর্বেই আটকে যায় ক্রোয়াটদের অভিযান। আট বছর বাদে এবার আবার বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা করেছে ক্রোয়েশিয়া। সেখানে স্বপ্নটা ১৯৯৮-র পুনরাবৃত্তির মতো হয়তো বড় নয়, তবে সর্বশেষ দু’বারের মতো ‘ছোট’ও নয়। অন্তত গ্রুপ পর্ব পেরোতে চায় তারা!
ব্রাজিলে তারা পড়েছে ব্রাজিলের গ্রুপেই। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নে আপাত এটিকে মনে হতে পারে বড় বাধা। কিন্তু গ্রুপের অন্য দুই দল যখন মেক্সিকো ও ক্যামেরুন, তখন আশার আগুনে পানি পড়ছে না। তারা তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আটলান্টিক পাড়ি দিচ্ছে না, বরং সেরা দুইয়ের মধ্যে থেকে বিশ্বকাপের সেরা ১৬-তে উঠতে পারলেই হয়। মেক্সিকো-ক্যামেরুনকে টপকে যা খুবই সম্ভব।
সম্ভবটা আরো বেড়ে যাচ্ছে নিকো কোভাচের জন্য। সুকার-বোবানদের ক্রোয়েশিয়ার সোনালী প্রজম্মের সঙ্গে খেলেছেন তিনি। চোটের কারণে ’৯৮ বিশ্বকাপ অবশ্য খেলা হয়নি। খেলেছেন পরের দুটিতে। দৃঢ়তা-প্রতিজ্ঞা-হাল না ছাড়ার মানসিকতার জন্য খেলোয়াড়ী জীবনেই সুনাম ছিল এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। জাতীয় দলের কোচ হয়ে সেটিই তিনি ছড়িয়ে দিচ্ছেন শিষ্যদের ভেতর।
সেই লক্ষ্যপূরণ নেতিবাচক ফুটবলে হোক, সেটি কিছুতেই চান না কোভাচ। "আমি চাই সুন্দর-আকর্ষণীয় ফুটবল। ছেলেরা যখন খেলাটি উপভোগ করবে, সফল হওয়ার সম্ভাবনা বাড়বে তখনই", বলেছেন তিনি। বলবেন না কেন? তার দলে আছে যে লুকা মদরিচের মতো প্লে-মেকার। রিয়াল মাদ্রিদের মতো ইউরোপসেরা ক্লাব দলের খেলার চাবিকাঠি থাকে যার জাদুকরী পায়ে। ক্রোয়েশিয়া জাতীয় দলেও সূত্রধরের মতো খেলা পরিচালনা করেন মদরিচ। ইভান রাকিতিচের মতো মিডফিল্ডার থাকায় মাঠের এ অঞ্চলটাই সবচেয়ে শক্তিশালী তাদের। এছাড়া ফরোয়ার্ড লাইনে আছেন ২০১২-১৩ মৌসুমে বায়ার্ন মিউনিখের ত্রিমুকুট জয়ের অন্যতম নায়ক মারিও মানজুকিচ। এই ফরোয়ার্ডের অবশ্য ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলা হচ্ছে না। প্লে-অফে লাল কার্ড দেখায় বহিষ্কারাদেশ তার উপর। বদলি হিসেবে এদুয়ার্দো বা ইভিচা অলিচও পারেন স্বাগতিকদের চমকে দিতে।
লাল-সাদা জার্সিধারীরা তাই ব্রাজিল যাচ্ছেন সোনালী অতীতের রূপালি আলো ফিরিয়ে আনার জন্য। নাই-বা যেতে পারলেন এবার সেমি-ফাইনাল, অন্তত নকআউট পর্বে তো যাওয়া যাবে।
এক নজরে:
গ্রুপ: এ
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১২ জুন | ব্রাজিল | সাও পাওলো |
১৮ জুন | ক্যামেরুন | মানাউস |
২৩ জুন | মেক্সিকো | রেসিফি |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৩ বার
সেরা সাফল্য: সেমি-ফাইনাল (১৯৯৮)
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ১৮
ক্রোয়েশিয়া দল:
গোলরক্ষক: স্তিপে প্লেতিকোসা (রস্তভ), দানিয়েল সুবাসিচ (মোনাকো), অলিভার জেলেনিকা (লোকোমোতিভা জাগরেব)।
ডিফেন্ডার: দারিও সেরনা (শাখতার দোনেৎস্ক), দোমাগোয় ভিদা (ডায়নামো কিয়েভ), শিমে ভারসালকো (জেনোয়া), দানিয়েল প্রানিচ (পানাথিনাইকোস), ভেদরান চরলুকা (লোকোমোতিভ মস্কো), দেন লোভের্ন (সাউথহ্যাম্পটন), গর্দন শিনডেলফেল্ড (পানাথিনাইকোস)।
মিডফিল্ডার: লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ), ইভান রাকিতিচ (সেভিয়া), মাতেও কোভাচিচ (ইন্টার মিলান), মার্সেলো ব্রজোভিচ (ডায়নামো জাগরেব), ওগনিয়েন ভুকোয়েভিচ (ডায়নামো কিয়েভ), ইভান মোচিনিচ (রিয়েকা), সাম্মির (গেতাফে)।
ফরোয়ার্ড: মারিও মানজুকিচ (বায়ার্ন মিউনিখ), নিকিচা ইয়েলাভিচ (হাল সিটি), ইভিচা অলিচ (ভলফনবুর্গ), এদুয়ার্দো দা সিলভা (শাখতার দোনেৎস্ক), ইভান পেরিসিচ (ভলফনবুর্গ), আন্তে রেবিচ (ফিওরেন্তিনা)
কোচ: নিকো কোভাচ (অক্টোবর ২০১৩ থেকে)।
